বরানগরে ফাঁকা ফ্ল্যাটে যুবতীর দেহ, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন?
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘মেডিটেশন’ করবেন। তাই দিদির ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন যুবতী। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ। শরীরে একাধিক আঘাত। পরনের কাপড়ের কিছু জায়গা ছেঁড়া। প্রশ্ন তাই একটাই—তাহলে কি ধর্ষণ করে খুন? এই প্রশ্নেই মঙ্গলবার রাত থেকে তোলপাড় বরানগর থানা এলাকা। মোবাইল ফোনটি পর্যন্ত পাওয়া যায়নি নিহত অঞ্জলি সাউয়ের। কিন্তু খুনের কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মামার ছেলের মোবাইলে তরুণীর নম্বর থেকেই মেসেজ আসে, ‘তোমাদের মধ্যেই থাকব। কিন্তু জানতে পারবে না।’

Advertisement

ডানলপ মোড় লাগোয়া একটি পেট্রল পাম্পের পিছনের আবাসনে থাকতেন যুবতী। বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউ আদি বিজেপি নেতা। ১৯৯৬ সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন। দাঁড়িয়েছিলেন ২০২২ সালের কলকাতা পুরভোটেও। রাজেন্দ্রবাবুর এক ছেলে ও তিন মেয়ে। বড়ো মেয়ে ভিন ধর্মে বিয়ে করায় সম্পর্ক রাখেননি রাজেন্দ্রবাবু। বিয়ে হয়ে গিয়েছে মেজো মেয়েরও। অঞ্জলি ছোটো। সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক হওয়ার পর হঠাৎই টিবি ও স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা চলে লাগাতার। ডাক্তারের পরামর্শ মতোই মেডিটেশন করতেন। বরানগরেরই ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনে দিদির ফ্ল্যাট আছে। শ্রীরামপুরে থাকলেও মাঝেমধ্যে তাঁরা এখানে আসেন। সোমবার ফিরে যাওয়ার আগে তাঁরা ফ্ল্যাটের চাবি রেখে গিয়েছিলেন পাশের ফ্ল্যাটের লতিকা মান্নার কাছে। বাবা সম্পর্ক ছেদ করলেও অঞ্জলি যোগাযোগ রেখে গিয়েছিলেন দিদির সঙ্গে। সে কথা পরিবারের কয়েকজন জানলেও রাজেন্দ্রবাবুর কানে যায়নি।। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ‘মেডিটেশনে’র নাম করেই অঞ্জলি দিদির ফ্ল্যাটে যান। পাশের ফ্ল্যাট থেকে চাবি নিয়ে ঘরে ঢোকেন। বাড়িতে বলেছিলেন, বিকাল ৪টে নাগাদ ফিরবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। ফোন করেন দিদিও। দেখেন, ফোন বন্ধ। পাশের ফ্ল্যাটের লতিকাদেবীকে ফোন করে খোঁজ নিতে বলেন তিনি। প্রতিবেশী গিয়ে দেখেন, ঘর ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি। তখন খবর দেওয়া হয় বরানগর থানায়। পুলিশ এসে দরজা ভাঙে। দেখা যায়, অঞ্জলির রক্তাক্ত দেহ পড়ে আছে বিছানায়। পরনের কুর্তির ডান হাতের কাছে ছেঁড়া। পাজামা নেই। শরীর ঢাকা চাদর দিয়ে। ঠোঁট কেটে রক্ত ঝরছে। তদন্তকারীদের অনুমান, অত্যাচারের পর শ্বাসরোধ করে যুবতীকে খুন করা হয়েছে। তবে ধর্ষণের ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। যুবতীর দাদা সন্দীপকুমার সাউ অবশ্য দাবি করেছেন, ‘আমাদের সন্দেহ ধর্ষণের পর খুন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বোনের হাতে আঙটি, কানের দুল, ঘড়ি, আর দু’টি ব্রেসলেটও পাওয়া যাচ্ছে না।’
পুলিশের ধারণা, খুনি যুবতীর পরিচিত। তা না হলে তিনি দরজা খুলতেন না। আর এই ফ্ল্যাটের দরজা যেহেতু বাইরে থেকে টেনে দিলেও লক হয়ে যায়, তাই খুন করে পালাতেও অসুবিধা হয়নি অভিযুক্তের। তবে মনে করা হচ্ছে, অভিযুক্তের সংখ্যা একাধিক হতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ইতিমধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে বলে খবর। অঞ্জলির চুরি যাওয়া ফোনটির শেষ লোকেশন পাওয়া যায় বিহারে। তাঁর নম্বর থেকে বুধবার সকাল ১০টা ৫৩ থেকে ১১টা ০১ মিনিট পর্যন্ত পরপর মেসেজ আসে। তাতে লেখা—‘কিছু জানার থাকলে তাড়াতাড়ি বল।’... ‘সব বলে দেব।’... ‘এখনই মোবাইল বন্ধ করব।’... ‘আর একটা কথা, তোদের পাশে থাকব, কিন্তু বুঝতে পারবি না।’