Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজারহাটে বন্ধুর সঙ্গে স্কুটার শিখতে গিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু তরুণীর

সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তরুণী। এবার কলেজে যাওয়ার কথা। কিন্তু একটা দুর্ঘটনা সব ওলোটপালোট করে দিল

রাজারহাটে বন্ধুর সঙ্গে স্কুটার শিখতে গিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু তরুণীর
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তরুণী। এবার কলেজে যাওয়ার কথা। কিন্তু একটা দুর্ঘটনা সব ওলোটপালোট করে দিল। রাজারহাটে রাতের রাস্তায় বন্ধুর সঙ্গে স্কুটার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ওই তরুণীর। জখম হয়েছেন তাঁর বন্ধুও। পুলিস জানিয়েছে, পিছনে আরোহী বন্ধুর মাথায় হেলমেট থাকলেও চালক তরুণীর হেলমেট ছিল না! তার জেরেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তাঁর। হেলমেট থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন তরুণীর বন্ধু। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম পূজা সাহা (১৮)। রাজারহাটের সলুয়া এলাকায় তাঁর বাড়ি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাটের রেকজোয়ানি এলাকায়। ওই এলাকাতেই পূজা তাঁর বন্ধু শুভঙ্কর ভৌমিকের সঙ্গে স্কুটার চালানো শিখছিলেন। প্রাথমিক তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজ থেকে পুলিস জানতে পেরেছে, পূজা স্কুটার চালানোর সময় হঠাৎ সজোরে অ্যাকসেলেটর ঘুরিয়ে ফেলেন। এর ফলে স্কুটারের গতি বেড়ে যায়। তার জেরে নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন। সামনে ছিল রাস্তার স্পিডব্রেকার। গতি বেড়ে যাওয়ায় স্কুটারটি ওই স্পিডব্রেকারে গিয়ে উল্টে যায়। দু’জনেই ছিটকে পড়েন রাস্তার উপর। হেলমেট না থাকায় তরুণীর মাথায় জোর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বন্ধুকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিস জানিয়েছে, মূল রাস্তার বদলে নিরাপদ জায়গায় স্কুটার বা গাড়ি চালানো শেখা দরকার। রাস্তায় গাড়ির সব সময়ই চাপ থাকে। রাতের বেলায় ঝুঁকি আরও বেশি। কারণ, সেই সময় দৃশ্যমানতা কম থাকে। ফলে, ভালো করে দেখা যায় না। দ্বিতীয়ত, বাইক হোক বা স্কুটার— যিনি চালাবেন এবং যিনি বসে থাকবেন, তাঁদের দু’জনের মাথাতেই যেন হেলমেট থাকে। বিষয়টি নিয়ে লাগাতার প্রচার চলছে। কিছুদিন আগেই উল্টোডাঙা ফ্লাইওভারে একটি বাইক দুর্ঘটনা ঘটেছিল। ওই বাইকে ছিলেন চারজন। গার্ডওয়ালে ধাক্কার পর চারজনই ছিটকে পড়েছিলেন। দু’জনের মৃত্যু হয়েছিল। চারজনের মাথাতেই হেলমেট ছিল না। তরুণীর মাথায় হেলমেট থাকলে জখম হলেও তিনি বেঁচে যেতে পারতেন।  মৃত পূজা সাহা

Advertisement
সম্পর্কিত সংবাদ