নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেস্তরাঁয় বসে খাওয়ার সময় এক তরুণীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ। প্রতিবাদে সরব হলেন রেস্তরাঁয় থাকা অন্য ক্রেতারা। অভিযুক্তকে ধরে বাইরে বের করে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার ময়না এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে একটি রেস্তরাঁয় খেতে এসেছিলেন এক দম্পতি ও তাঁদের বছর কুড়ির মেয়ে। খাওয়া চলাকালীন কোনো কাজে বাবা টেবিল ছেড়ে বাইরে যান। সেই সময় মা ও মেয়ে টেবিলে বসে খাচ্ছিলেন। অভিযোগ, তখনই তাঁদের পাশ দিয়ে যাওয়া তন্ময় পাল নামে এক ব্যক্তি তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। বিষয়টি নজরে আসে রেস্তরাঁয় থাকা অন্য কয়েকজন যুবকের। তাঁরা প্রতিবাদ করেন। এরপরেই তন্ময়কে ধরে রেস্তরাঁর বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তন্ময় বারাসতের নবপল্লির বাসিন্দা। কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



