Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বয়ফ্রেন্ডের সঙ্গে চা খেতে এসে পাটুলিতে শ্লীলতাহানির শিকার তরুণী, গ্রেপ্তার চার

বয়ফ্রেন্ডের সঙ্গে  চা খেতে এসে শ্লীলতাহানির শিকার হলেন তরুণী। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

বয়ফ্রেন্ডের সঙ্গে চা খেতে এসে পাটুলিতে শ্লীলতাহানির শিকার তরুণী, গ্রেপ্তার চার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়ফ্রেন্ডের সঙ্গে  চা খেতে এসে শ্লীলতাহানির শিকার হলেন তরুণী। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে পাটুলি এলাকায়। চায়ের দোকান থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে তরুণী বেরিয়ে গেলে তাঁদের পিছু ধাওয়া করে অভিযুক্তরা। টহলদারি ভ্যানে কর্তব্যরত পুলিশকর্মীদের তরুণী বিষয়টি জানালে তাঁরা তৎক্ষণাৎ ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্তদের। তরুণী পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ও তাঁর বয়ফ্রেন্ড রাতে সাড়ে ১১টা নাগাদ তাঁরা বাইপাসের উপর একটি নামকরা চায়ের দোকানে আসেন।  সেখানেই দু’জন চা খাচ্ছিলেন। অভিযোগ, তখন সেই দোকানে হাজির হয় চার যুবক। তাদের মধ্যে দু’জনের বাড়ি নরেন্দ্রপুরে। অন্য দু’জন থাকে পাটুলি ও বেলেঘাটা এলাকায়। তারাও সেখানে আড্ডা দিতে শুরু করে। অভিযোগ, এরপর তারা ওই তরুণীকে লক্ষ্য করে নানা রকম আপত্তিকর কথাবার্তা বলতে শুরু করে। তরুণী প্রথমে বিষয়টি পাত্তা দেননি। কিন্তু অভিযুক্তরা এরপর মাত্রাছাড়া হয়ে ওঠে। নানা অশালীন মন্তব্য ও আচরণ শুরু করে তারা। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তিনি ও তাঁর বয়ফ্রেন্ড প্রতিবাদ করেন। যুবকরা দাবি করে, তরুণীকে উদ্দেশ করে তারা কোনো মন্তব্য করেনি। তারা অন্য একজনকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। এনিয়ে তাদের সঙ্গে তরুণীর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময় চার যুবক তরুণীর শ্লীলতাহানি করে। বাধা দিতে গেলে তার বয়ফ্রেন্ডকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। নিগৃহীতা কোনোরকমে তাদের হাত থেকে নিজেকে বাঁচান। তারপর বয়ফ্রেন্ডের সঙ্গে সেখান থেকে চলে যান। তখন তাঁদের পিছু নেয় অভিযুক্তরা। রাস্তায় তাঁকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ছুড়ে দেয় বলেও অভিযোগ। তখন পুলিশের টহলদারি ভ্যান দেখতে পেয়ে তরুণী গোটা বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ চারজনকে আটক করে। তাদের নিয়ে যাওয়া হয় পাটুলি থানায়। তরুণী অভিযোগ করলে তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী অফিসার মিন্টু করণ। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ