শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ধাক্কা, হাত খোয়ালেন তরুণী
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক তরুণীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২০ বছরের ওই তরুণী। বাদ দিতে হয়েছে তাঁর বাঁ হাত। মাথাতেও গুরুতর আঘাত লেগেছে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় মহারাষ্ট্রের নাইগাঁও স্টেশনে ঘটনাটি ঘটেছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোরেগাঁওয়ে দিদির বাড়ি থেকে নিজের বাড়ি নাইগাঁও ইস্টে ফিরছিলেন ওই তরুণী। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ লোকাল ট্রেনের মধ্যে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তিনি। নাইগাঁও স্টেশনে নামার পর অভিযুক্তের কাছে ঘটনার কৈফিয়ত চান। দু’জনের মধ্যে বচসাও শুরু হয়। একসময় রাগের মাথায় ওই ব্যক্তির দিকে নিজের জুতো ছুড়ে মারেন তরুণী। পালটা নিজের জুতো ছুড়ে মারে অভিযুক্তও। অভিযোগ, এরপরেই তরুণীকে সজোরে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দেয় সে। ওই সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তরুণী। দুর্ঘটনায় তাঁর বাঁ হাত বাদ দিতে হয়। মাথাতেও আঘাত লাগে। ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেই সূত্রে অভিযুক্তকে শনাক্ত করা হয়। গত ৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।