Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে প্রতিবেশীর মারধরে অপমানিত হয়ে আত্মঘাতী যুবতী

বর্ধমানে প্রতিবেশীর মারধরে অপমানিত হয়ে আত্মঘাতী যুবতী
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার কৃষ্ণপুর বাগানবাড়ি এলাকায় প্রতিবেশীর মারধরে অভিমানে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবতী। মৃতার নাম রুমা দাস(১৮)। মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর শাখার কৃষ্ণপুর এলাকায় মালগাড়ির সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার বাবা রাজকুমার দাস বলেন, প্রতিবেশীর এক আত্মীয়ের ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবকের বাড়ি বিহারে। ঘটনার দিন ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে মেয়ের অশান্তি হয়। তারপর মেয়েকে মারধর করা হয়। সেই অপমানে মেয়ে আত্মঘাতী হয়েছে। জিআরপি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধা: অন্য একটি ঘটনায় বর্ধমান শহরের খাঁপুকুর কালনা গেট এলাকায় গায়ে আগুন লাগিয়ে এক বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম আভারানি সেনগুপ্ত(৭৮)। 
মঙ্গলবার সকালে বাড়িতে তিনি গায়ে আগুন লাগিয়ে নেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি গায়ে আগুন লাগিয়ে নেন।
ঈদের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু: ভাতার থানার ভাটাকুলে ঈদের অনুষ্ঠান দেখে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গীও। তিনি বর্ধমানের নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম শেখ রমজান(২৪)। ভাতার থানার বলগোনায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঈদের অনুষ্ঠান দেখে রমজান ও তাঁর বন্ধু বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। ভাটাকুলের কাছে তাঁদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে দু’জনেই জখম হন। জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ