ইন্দোর: ছোটোবেলা থেকে বারবার ঠাকুরদাদার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তরুণী। সেই আক্রোশেই বৃদ্ধ ঠাকুরদাদাকে ঘুমের মধ্যে ক্রিকেট ব্যাট দিয়ে খুন করলেন বছর কুড়ির কলেজ পড়ুয়া। মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে এয়ারডোম থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণী ওই বাড়িতে থাকতেন না। শনিবার রাত আড়াইটে নাগাদ মোটর সাইকেলে করে ঠাকুরদাদার বাড়িতে পৌঁছায় সে। ঘরে ঢুকেই বৃদ্ধকে পরপর আঘাত করতে শুরু করে। ঠাকুরমা তাঁকে বাধা দিতে চেষ্টা করলে ঠেলে ফেলে দেয় তরুণী। পরে প্রতিবেশী ও পরিবারের অন্যান্যরা এসে তাঁকে নিরস্ত করে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, রাতে দেরি করে বাড়ি ফেরা নিয়ে মা-বাবার সঙ্গে বচসা হয়েছিল ওই তরুণীর। পুরানো হেনস্তার স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিশোধের সিদ্ধান্ত নেন তরুণী।



