


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মুম্বইয়ে যোগশিবিরে গিয়ে চুঁচুড়ার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। শোকের ছায়া নেমেছে চুঁচুড়ার কারবালা কাবেরিপাড়ায়। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি বাঁধ সংলগ্ন লেকের জলে নেমে তলিয়ে গিয়েছেন সঙ্গীতা চক্রবর্তী (৩২) নামে ওই তরুণী। সোমবার ঘটনা ঘটে। মুম্বইয়ে থাকা সঙ্গীতার আত্মীয়রা বিষয়টি গভীর রাতে জানতে পারেন। তারপরেই মঙ্গলবার সকালে চুঁচুড়ায় ফোন করে সঙ্গীতার পরিবারকে জানানো হয়। এক আত্মীয়কে নিয়ে মুম্বইয়ে রওনা হয়ে যান সঙ্গীতার বাবা কল্লোল চক্রবর্তী। সঙ্গীতা যেমন মিশুকে ছিলেন তেমনই পাড়ার অনুষ্ঠানে গায়িকা হিসেবে তাঁর উপস্থিতি ছিল বাঁধা। তরতাজা তরুণীর অকাল মৃত্যুর সংবাদে তাই পাড়ায় শোক নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই তরুণী। পাশাপাশি গানের চর্চা করতেন। মুম্বইতে তাঁদের আত্মীয়রা থাকেন। সেই সুবাদেই একটি যোগ শিবিরে অংশ নিতে সম্প্রতি তিনি মুম্বই গিয়েছিলেন। শিবিরের ফাঁকেই তিনি মুম্বইয়ের ড্যাম দেখতে যান। জলে নামার পরই আচমকা তলিয়ে যান বলে জানা গিয়েছে। তিনি একা ড্যাম দেখতে গিয়েছিলেন না কি সঙ্গে আরও কেউ ছিল তা নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তরুণীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, তাঁর স্নায়ুর রোগ ছিল। সেই কারণে জলে নামা বারণ ছিল। তারপরেও তিনি কেন জলে নামতে গেলেন, সেই প্রশ্নটিই পরিবার সহ ঘনিষ্ঠদের ভাবাচ্ছে। পাশাপাশি, ড্যাম এলাকাতে যাওয়ার পরে বেশ কিছু সময় তাঁর সঙ্গে মুম্বাইয়ের আত্মীয়রা যোগাযোগ করতে পারেননি। তারপরেই পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই জানা যায়, এক তরুণী ড্যামের জলে তলিয়ে গিয়েছেন। পরে মৃতদেহ উদ্ধার হয়।
সঙ্গীতার বাবা কল্লোলবাবু পেশায় পুরোহিত। তাঁর মা গৃহবধূ। সঙ্গীতা ছিলেন দম্পতির একমাত্র সন্তান। একটু ডানপিটে হলেও মিশুকে মেয়েটিকে চোখে হারাতেন। সেই মেয়ের মৃত্যুসংবাদে বাবা ভেঙে পড়েছেন। শোকে পাথর হয়ে গিয়েছেন মা। মুম্বই থেকে মেয়ের মৃতদেহ নিয়ে রাতেই রওনা হয়েছেন বাবা। এদিন তিনি কার্যত কথাই বলতে পারছিলেন না। তবে তিনি জানিয়েছেন, মেয়ের মৃত্যু নিয়ে তাঁর সংশয় আছে। তাই মুম্বইয়ের স্থানীয় থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিস ইতিমধ্যেই মৃতদেহের ময়নাতদন্ত করে তারপরে তা পরিবারের হাতে তুলে দিয়েছে। চুঁচুড়া পুরসভার কাউন্সিলার ইন্দ্রজিৎ দত্ত (বটা) মৃতা তরুণীর বসতবাড়ির এলাকারই বাসিন্দা। তিনি বলেন, খুব দুঃখের ঘটনা। পাড়ার যে কোনও অনুষ্ঠানে সঙ্গীতাকে গান গাইতে দেখা যেত। গানের গলাও ভালো ছিল। কোনও একটি যোগ শিবিরে অংশ নিতে ওই তরুণী মুম্বই গিয়েছিলেন। তরতাজা মেয়েটির মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।