পাটনা: মাথায় তিলক। গলায় রুদ্রাক্ষের মালা। দৃঢ় প্রত্যয়ী চোখ। খামখেয়ালি আবহাওয়া, নানা বাধা-বিঘ্ন পেরিয়ে ছুটে চলেছে ছেলেটি। দৌড়ে দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করাই লক্ষ্য। বিহারের আরারিয়ার তরুণ মনু মেতুরবালা। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। মনু মানত করেছিলেন, মা সুস্থ হয়ে উঠলে দৌড়ে দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করবে। সেইমতো মা একটু সুস্থ হতেই গত ১৫ মার্চ পাটনা থেকে মানত রক্ষায় বেরিয়ে পড়েন মনু। এপর্যন্ত প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ছ’টি জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন তিনি। বাকি আরও ছ’টি। দিনরাত দৌড়ে তাঁর এই জ্যোতির্লিঙ্গ দর্শনের ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোথাও রাস্তায় ঘিরে ধরে মালা পরাচ্ছেন স্থানীয়রা। কয়েকমাস আগে গলায় মাছের কাঁটা আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মনুর মা লালতী দেবী। একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। এরইমাঝে একদিন বিহারের জেহনাবাদের বাবা সিদ্ধেশ্বর নাথ মন্দিরে মায়ের সুস্থতা কামনায় মানত করেন মনু। মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেই চলতি বছরের মার্চ মাসে শুরু হয় তাঁর সফর। চোখ মুছতে মুছতে মা লালতী দেবী জানান, অত্যন্ত গর্বের বিষয়। পরিবারের প্রতি এটাই তাঁর ভালোবাসা।



