নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রেমিকা সম্পর্ক ছেদ করেছে। সেই আক্রোশে সম্পর্ক ত্যাগের কথা জানাতে গিয়ে আক্ষরিক অর্থেই বোমা ফাটাল প্রেমিক। সঙ্গে প্রেমিকার দেওয়া টি-শার্টও বাড়ির প্রাচীরের উপর দিয়ে ছুড়ে দিয়েছিল। বৈদ্যবাটির বোমা বিস্ফোরণের রহস্যভেদ করতে গিয়ে তাজ্জব বনে গিয়েছে পুলিশ। চাঁপদানির বাসিন্দা প্রেমিক সহ তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তবে ব্যর্থ প্রেমের ঘোষণা বা আক্ষেপ প্রকাশ করতে বোমাবাজির বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁপদানির বাসিন্দা ওই ব্যর্থ প্রেমিকের নাম সাগর মালিক। বছর কুড়ির সাগরের সঙ্গে বৈদ্যবাটির এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই কিশোরী, অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ায়। সেই বিষয়টি মেনে নিতে পারেনি সাগর। চাঁপদানির দুই ও শ্রীরামপুরের এক বন্ধুকে নিয়ে চলতি সপ্তাহে এক রাতে সে বৈদ্যবাটিতে গিয়ে কিশোরীর বাড়ির সামনে বোমা ফাটিয়ে আসে। সেই সঙ্গে প্রেমিকার দেওয়া টি-শার্টটিও তাদের বাড়িতে ছুড়ে দিয়ে আসে। পুজো মরশুমে রাতের দিকে ওই বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিশেষত, সাগর যে বোমা ফাটিয়েছিল, তা সাধারণ পটকা ছিল না। তাতে এলাকায় আরও আতংক ছড়ায়। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার সূত্রে কিছু ছবি পায়। তবে মূল রহস্যের কাছে পৌঁছতে সাহায্য করেছে সাগরের সেই প্রাক্তন প্রেমিকা। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থলের কাছে পরিত্যক্ত টি-শার্ট ঘিরেই তদন্তে সূত্র মেলে। মেলে সাগরের প্রাক্তন প্রেমিকার খোঁজ। সহজ হয়ে যায় সাগরকে খুঁজে পাওয়া। বাকি অংক মিলতে আর সময় লাগেনি। সহাস্যে বলেন পুলিশের এক কর্তা। ধরা পড়ার পরে সাগর অবশ্য নিজের রাগ ও ক্ষোভের কথা গোপন করেনি। সে জানিয়েছে, যার সঙ্গে সম্পর্কই নেই, তার টি-শার্টও আমার চাই না। রাগে বোমা ফাটিয়েছি। আর ফেলে দিয়েছি উপহারও। জানা গিয়েছে, সাধারণ পটকার মশলা একত্রিত করেই বড় পটকা বানিয়েছিল সে। সবটাই করেছিল সামাজিক মাধ্যমে ভিডিও দেখে।