Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরবাড়ি বেড়াতে এসে যুবকের মৃত্যু, মল্লারপুরে স্ত্রী ও শাশুড়ি সহ ধৃত ৩

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মল্লারপুরের সন্ধিগড়া বাজারে। পরিবারের দাবি, ওই যুবককে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্বশুরবাড়ি বেড়াতে এসে যুবকের মৃত্যু, মল্লারপুরে স্ত্রী ও শাশুড়ি সহ ধৃত ৩
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মল্লারপুরের সন্ধিগড়া বাজারে। পরিবারের দাবি, ওই যুবককে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনৎকুমার লেট (২১)। বাড়ি মল্লারপুরের বেগুনিয়া গ্রামে। বছর তিনেক আগে ভালোবেসে সন্ধিগড়া বাজারের বাসিন্দা রিমি লেটকে তিনি বিয়ে করেন। বর্তমানে তাঁদের একবছরের কন্যা সন্তান  রয়েছে। অভিযোগ, বিয়ের কয়েকমাস পর থেকে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। গত রবিবার স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই যুবক শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা। মৃতের দাদা মনোজ লেট বলেন, ভাইয়ের মৃত্যুর খবর তাঁর শ্বশুরবাড়ির কেউই দেননি। সন্ধিগড়া বাজারের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি রাস্তার ধারে ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। শ্বশুরবাড়ির কেউ নেই। তিনি বলেন, ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই অশান্তির জেরে ওরাই ভাইকে শ্বাসরোধ করে মেরে পালিয়ে যায়। 
মৃতের জামাইবাবু দুলাল লেট বলেন, সুস্থই ছিল সনৎ। পরে বলা হচ্ছে ও নাকি গলায় দড়ি জড়িয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের দাবি, ওকে খুন করা হয়েছে। যদি খুন করা না হয়ে থাকে তাহলে ওরা পালিয়ে গেল কেন? 
পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গ্রামের একটি গাছে ওই যুবক গলায় দড়ি জড়িয়ে আত্মহত্যা করে। পরে গ্রামবাসীরাই মৃতদেহ নামায়। যদিও পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী, শ্বশুর নারায়ণ লেট ও শাশুড়ি সুন্দরী লেটকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।     

Advertisement
সম্পর্কিত সংবাদ