ছবি তুলতে যেতেই শুঁড়ে তুলে আছাড় হাতির, মৃত্যু যুবকের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের লালগড় রেঞ্জের ঝিটকা বিটের জঙ্গল সংলগ্ন এলাকায়। মৃতের নাম অসিত মাহাতো (৩৬)। তাঁর বাড়ি গাডরা এলাকায়।

Advertisement

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ঝিটকা জঙ্গলে আটটি হাতির একটি দল অবস্থান করছে। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে সেই হাতির দল দেখতে জঙ্গলে গিয়েছিলেন অসিত। হাতিদের গতিবিধি লক্ষ্য করার পাশাপাশি তাঁরা মোবাইলে ছবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় আচমকাই একটি হাতি তাঁদের কাছাকাছি চলে আসে। অন্যরা দ্রুত সরে সরে যেতে পারলেও অসিত হাতিটির সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যে তাঁকে শুঁড়ে জড়িয়ে মাটিতে আছাড় মারে হাতিটি। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন তিনি। এরপর হাতির দলটি এলাকা ছেড়ে চলে গেলে বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জঙ্গলমহলে হাতির সঙ্গে ছবি তোলার নেশায় প্রাণহানির ঘটনা এই প্রথম নয়। কয়েক বছর আগেও ঝাড়গ্রামে হাতির ছবি তুলতে গিয়ে এক পর্যটক প্রাণ হারিয়েছিলেন। বনদপ্তরের তরফে বারবার হাতির কাছাকাছি না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হলেও অসতর্কতার কারণে একই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। 
মেদিনীপুর বনবিভাগের ডিএফও জোনস জাস্টিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু মানুষ সেই নির্দেশ মানছেন না। হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।