নিজস্ব প্রতিনিধি, মালদহ: পাওনা আদায় করতে গিয়ে বেধড়ক মারে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম আমির সেখ (৩৫)। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার মালিহার বাগবাড়ি রাজনগরে। সোমবার ইংলিশবাজার থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত যুবকের মা বুধি বিবি। অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন,তাঁর ছেলে একজনের কাছে টাকা পেত। বকেয়া আদায় করতে বুধবার সন্ধ্যা নাগাদ তাঁর দুই ছেলে আমির সেখ ও সুরজ সেখ ওই ব্যক্তির কাছে যায়। সেসময় অভিযুক্ত এবং তার ছয় সঙ্গী মিলে আমিরকে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করে। ছেলের গোটা শরীরে লাঠি ও ইট দিয়ে মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীদের হাত থেকে দাদাকে বাঁচাতে গেলে ভাই সুরজ সেখকেও মেরে রক্তাক্ত করা হয়। আশপাশের লোকজন ছুটে এসে দুই ভাইকে উদ্ধার করে মালদহ মেডিক্যালে নিয়ে যান। কিন্তু আমিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল কলেজ থেকে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।



