সংবাদদাতা, রায়গঞ্জ: বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরনোর পরই যুবকের রহস্য মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ৬ নং ওয়ার্ডের খরমুজা ঘাট এলাকায়। মৃত যুবকের নাম পরেশ রবিদাস (৩০)। পেশায় গ্যারেজ মিস্ত্রি ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সংবাদদাতা, রায়গঞ্জ: বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরনোর পরই যুবকের রহস্য মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ৬ নং ওয়ার্ডের খরমুজা ঘাট এলাকায়। মৃত যুবকের নাম পরেশ রবিদাস (৩০)। পেশায় গ্যারেজ মিস্ত্রি ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
মৃতের ভাই সোনু রবিদাসের দাবি, রবিবার দুপুরে পরেশ বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁকে বন্ধুরা ফোন করলে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছিলেন পরেশ। বাথরুমে ঢুকেই বমি করতে শুরু করেন তিনি। তখন মাকে পরেশ জানান, তাঁকে বিষাক্ত কিছু খাইয়ে দেওয়া হয়েছে। তিনি আর বাঁচবেন না। পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরেশকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের ভাইয়ের আরও অভিযোগ, রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় এক বন্ধুর বাড়িতে পরেশকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। পরেশ মৃত্যুর আগে পরিবারকে জানান, তাঁকে ‘চমক’ পাউডার জাতীয় বিষাক্ত কিছু খাইয়ে দিয়েছে বন্ধুরা। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
মৃতের কাকা প্রদীপ রবিদাস বলেন, ভাইপোর অসুস্থতা নিয়ে যখন আমরা ব্যস্ত ছিলাম, সেই সময় বেশ কয়েকজন এসে বাড়ি থেকে ভাইপোর বাইকটিও চুরি করে নিয়ে যায়। এছাড়া সোনার আংটি, লকেট ছিল ওর কাছে। সেগুলো নিয়ে নিয়েছে অভিযুক্ত বন্ধুরা। এর আগে বন্ধুরা ওকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই আমাদের সন্দেহ, ভাইপোকে খুন করা হয়েছে। এই ঘটনার পরই আমরা থানার দ্বারস্থ হয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করতে বলা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ৬ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবুলাল চৌহানের মন্তব্য, আমি পুরো বিষয়টি শুনেছি। আমার ওয়ার্ডের ওই যুবক তাঁর পরিবার নিয়ে থাকতেন। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা রহস্যজনক। ওই যুবককে কিছু খাওয়ানো হয়েছে, নাকি নিজে খেয়েছে, সবটাই তদন্তসাপেক্ষ। পুলিস তদন্ত করলে আসল সত্য সামনে আসবে।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। খুন নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বলা যাবে। পুলিস তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ মেডিক্যালে মৃতের পরিজনরা। - নিজস্ব চিত্র।