Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়িতে শুভেন্দুর চপারের কাছেই তৃণমূল নেতার গাড়ি! বিক্ষোভ বিজেপির, ভাঙচুর-উত্তেজনা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপারের জন্য নির্ধারিত হেলিপ্যাডে এক তৃণমূল নেতার ছেলের গাড়ি ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল

ফুলবাড়িতে শুভেন্দুর চপারের কাছেই তৃণমূল নেতার গাড়ি!  বিক্ষোভ বিজেপির, ভাঙচুর-উত্তেজনা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপারের জন্য নির্ধারিত হেলিপ্যাডে এক তৃণমূল নেতার ছেলের গাড়ি ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। ভাঙচুর করা হল গাড়ি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা সংলগ্ন হেলিপ্যাডে। সেই সময় সেখানে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার।  সমগ্র ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসার জানান, ওই ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, হেলিপ্যাড চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটোই ছিল। তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।
উত্তরকন্যার কাছে ফুলবাড়িতে হেলিপ্যাড রয়েছে। এদিন দুপুর থেকে সেখানে রাখা ছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নিরাপত্তার কারণে ব্যারিকেড করা ছিল এলাকায়। মোতায়েন ছিল পুলিশ বাহিনী। দুপুরে সেখানে ভিড় জমান বিজেপির স্থানীয়  নেতা-কর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেলিপ্যাডের কাছে ব্যারিকেডে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের গাড়ি পার্কিং করাছিল। সেখানে ‘আর্মি’ লেখা একটি গাড়িও ছিল। সেটি ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের গাড়ি। আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ। তাতে শামিল হন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের আপত্তির জন্য পুলিশ কর্মীরা সেখান থেকে ওই গাড়িটি বাইরে বের করে দেন। তখনই বিজেপি কর্মীদের একাংশ গাড়ির উপর চড়াও হন বলে অভিযোগ। গাড়িটি ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপির কর্মী-সমর্থকদের। উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় বলেও খবর। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি রাহুল বর্মন বলেন, মুখ্যমন্ত্রীকে বিদায় জানাতে এখানে এসেছি। এখানে দেখি তৃণমূল নেতার ছেলের গাড়ি। স্থানীয়রা এ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তখন এক পুলিশ অফিসার আমাদের গায়ে হাত দিয়েছেন, হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানাব।
তৃণমূল নেতার ছেলে বাপি রায় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। তৃণমূল নেতা দিলীপ রায় সেনা বাহিনীতে চাকরি করতেন। তিনি ফুলবাড়ি-২ পঞ্চায়েতের প্রধানও ছিলেন। তিনি বলেন, ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নন। হেলিপ্যাডে কর্মরত একজন পুলিশ অফিসার ছেলের বন্ধু। খাবার নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে হেলিপ্যাডে গিয়েছিল ছেলে। কিন্তু, সমস্ত বিষয় না জেনেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা অহেতুক ঝামেলা করলেন। ঝান্ডার ডান্ডা দিয়ে গাড়িটি ভাঙচুর করেছে। এটা মানা যায় না। পুলিশ কর্মীরা থাকায় ছেলের গায়ে কেউ হাত দিতে পারেনি। এদিকে, এদিন সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় আসেন মুখ্যমন্ত্রী। তিনি হেলিকপ্টারে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় তাঁর হেলিকপ্টার কালিম্পংয়ে অবতরণ করতে পারেনি। আকাশে চক্কর কেটে ফিরে আসে শিলিগুড়িতে। ফুলবাড়ি হেলিপ্যাডে তাঁর কপ্টার অবতরণ করে। বিকেলে হেলিকপ্টারে করে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল। শেষ পর্যন্ত সন্ধ্যায় ৬টা নাগাদ হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে বাগডোগরা যান মুখ্যমন্ত্রী।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ