নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা। শুক্রবার রাতে বেলেঘাটায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম আক্রান্ত যুবক। তাঁর নাম তাপস বন্দ্যোপাধ্যায় ওরফে ছোট কানাই। ধারালো কুকরি দিয়ে তাঁকে কোপায় অভিযুক্ত যুবক সৌরভ দাস। স্থানীয়রাই তাকে আটকায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিস। আহত যুবককে এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খুনের চেষ্টার মামলা রুজু করে সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, ছোট কানাইয়ের সঙ্গে সৌরভের পুরনো শত্রুতা রয়েছে। আগেও একাধিকবার এলাকায় দু’জনের মধ্যে মারামারি, বচসা হয়েছে। এদিন একটি খাবারের দোকানে রাতের খাবার কিনতে যান ছোট কানাই। সেখানেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় অভিযুক্ত।



