Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যানজট নিয়ন্ত্রণে বাইরের টোটো চলাচলে লাগাম টানল প্রশাসন

যানজট নিয়ন্ত্রণে বাইরের টোটো চলাচলে লাগাম টানল প্রশাসন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: আগামী ১ মার্চ থেকে রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহরে অন্য থানা এলাকার টোটো প্রবেশ করতে পারবে না। শহরকে যানজট মুক্ত করতে টোটো চলাচলে নতুন নিয়ম চালু করেছে প্রশাসন। অমান্য করলেই করা হবে জরিমানা। অন্তত হাজার পাঁচেক টোটো আছে এই থানা এলাকায়। আশপাশের থানা থেকেও আরও হাজার পাঁচেক টোটো শহরে এসে ভিড় জমায়। ফলে শহরে তীব্র যানজট তৈরি হয়। কোন টোটো কোথা থেকে আসে তা জানা মুশকিল হয়। তাই চালকদের সঙ্গে সচিত্র পরিচয় পত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 
Advertisement
পুলিসের নির্দেশে বলা হয়েছে, রঘুনাথগঞ্জ থানা এলাকার বাইরের কোনও টোটো রঘুনাথগঞ্জ থানা এলাকায় চালানো যাবে না। শুধুমাত্র হাসপাতালের মতো জরুরি পরিষেবা ও পরীক্ষার ক্ষেত্রে এর ব্যতিক্রম মেনে নেওয়া হবে। পুলিসের এই সীদ্ধান্ত টোটো চালক ইউনিয়ন স্বাগত জানিয়েছে। 
জঙ্গিপুরের ডিএসপি সুকান্ত হাজরা বলেন, রঘুনাথগঞ্জ থানা এলাকার চালকরাই শহরে ঢুকতে পারবে। অন্যদের প্রবেশ করতে দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হবে। চালকদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা করা হবে। 
প্রসঙ্গত, রঘুনাথগঞ্জ শহরে যানজটে রাস্তায় যাতায়াত করাই একপ্রকার দায় হয়েছে। সকাল থেকেই টোটো, অটো, বাস ও লরির দাপটে যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে নাকাল হতে হয় শহরবাসীকে। এই যানজটের কারণ শহরে প্রতিদিন কয়েক হাজার টোটোর দৌরাত্ম্যকেই দায়ী করা হচ্ছে। সেই সমস্যা সমাধান করতেই আগামী ১ মার্চ থেকে এই বিধিনিষেধ চালু করা হবে বলে জানিয়েছে পুলিস। সর্বত্র পুলিসের তরফে এই বিধির কথা জানিয়ে ফেস্টুন টাঙিয়ে দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জ ট্রাফিক মোড়, ফুলতলা, ভাগীরথী ব্রিজ সহ শহরের মোড়গুলিতে একাধিক স্থানে এই ফেস্টুন দেওয়া হয়েছে। ইতিপূর্বে ও পুলিসের তরফে টোটো চালানোর জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বিধিনিষেধের ফলে উপার্জনে টান পড়ায় চালকরা আন্দোলন শুরু করে। শহরে টোটো চালানোর অধিকার চেয়ে পথ অবরোধ শুরু করে। কিছুদিন পর পুলিসের সেই বিধিনিষেধ শিথিল করা হয়। ফলে শহরে যানজট আগের রূপ ধারণ করেছে। বাম সমর্থিত জঙ্গিপুর টোটো ইউনিয়নের সেক্রেটারি পিন্টু রায় বলেন, ঘোষিত বিধিনিষেধে চালকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। লালগোলা, সাগরদিঘি ও সূতির টোটো শহরে না ঢুকলে যানজট অনেকটাই কমে যাবে। আমরা চালকদের এই নিয়ম মেনে চলতে প্রচার চালাচ্ছি। 
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, শহর যানজট মুক্ত করতে কিছু নিয়ম করা হয়েছে। তা মেনে  চললে সকলেরই সুবিধা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ