পাটনা ও লখনউ: প্রয়াগরাজে চলছে মাঘী পূর্ণিমার পুণ্যস্নান। বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত স্নান করেছেন দু’কোটির বেশি তীর্থযাত্রী। মাঘী পূর্ণিমার পুণ্যস্নানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ব্যাপক যানজটের সাক্ষী উত্তরপ্রদেশ। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শয়ে শয়ে গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। এর জেরে ঠান্ডায় কার্যত পথেই দিন কাটছে পুণ্যার্থীদের। তবে এই যানজটে শুধুমাত্র উত্তরপ্রদেশই নাজেহাল নয়। চাপে পড়েছে বিহারও। এনিয়ে বুধবার বিহারের ডিজিপি বিনয় কুমার জানিয়েছেন, পুণ্যস্নানকে কেন্দ্র করে বিহার থেকে উত্তরপ্রদেশগামী রাস্তাগুলিতে বড় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশের সীমানার বহু এলাকায় জনতাকে ঝক্কি পোহাতে হচ্ছে।



