Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যোগ্য হয়েও ঘর না পাওয়ায় বালিপোতায় রাতে অবরোধ

যোগ্য হয়েও ঘর না পাওয়ায় বালিপোতায় রাতে অবরোধ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: যোগ্য হওয়া সত্ত্বেও এলাকার বহু মানুষ আবাস প্রকল্পের বাড়ি পাননি বলে অভিযোগ। সেই ক্ষোভে শনিবার রাতে পথ অবরোধের শামিল হলেন দাসপুর থানার বালিপোতার কয়েক ‘শ বাসিন্দা। ওই রাতে দাসপুর-মেদিনীপুর রাস্তার বালিপোতার তেঁতুলতলায় তাঁরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। ফলে রাস্তার দু’দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। শেষ বাসে গন্তব্যস্থলে পৌঁছে অনেকেই বাড়ি ফিরতে দুর্ভোগে পড়েন। দাসপুর থানা থেকে পুলিস বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলতে হিমশিম খায়। দীর্ঘক্ষণ পর অবশ্য পুলিসের আশ্বাসেই অবরোধ ওঠে বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, অবরোধকারীদের অভিযোগ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।
Advertisement
অবরোধকারীদের বক্তব্য, তাঁদের এলাকায় ৩০০টি পরিবার রয়েছে যাদের মধ্যে প্রত্যেকটি পরিবারই সরকারি ঘর পাওয়ার যোগ্য। কিন্তু এই এলাকার মাত্র ৮-১০টি পরিবারের প্রধানের নাম আবাস তালিকায় এসেছে। শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার ১৬টি পরিবারকে পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেল সেই পাট্টাও এখনও কেউ পাননি। অবরোধকারীদের নেতৃত্ব দিয়েছিলেন রাকেশ নায়েক, তারাপদ সিংমুনারি প্রমুখ। তাঁরা বলেন, ‘আমাদের বারে বারে ভোটের সময়ে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের সমস্যার কথা সরকার এক বিন্দুও চিন্তা করে না। দিনের পর দিন আমাদের অবহেলা করা হচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেজন্যই আমরা পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নিই।’
কয়েক দিন ধরেই রাজ্যজুড়ে শীত পড়েছে। শীতের অন্ধকার রাতে হঠাৎ করে পথ অবরোধ করায় বহু মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। মেদিনীপুরে ডাক্তার দেখিয়ে বৃদ্ধ বাবাকে নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন রানিচকের মদন দলুই। তিনি বলেন, ‘অবরোধ ওঠার পর আমাদের দাসপুর থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরতে হয়েছে।’ শুধু মদনবাবুকে নয়, ওই রাতের অবরোধে পড়ে অনেককেই নাকাল হতে হয়েছে। দাসপুর-১ বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান, অবরোধের বিষয়টি তিনি শুনেছেন। সোমবার অফিস না খুললে ওই এলাকায় কতজন আবাস প্রকল্পের সুযোগ পেয়েছেন তা জানানো সম্ভব নয়। তারপরই এনিয়ে মন্তব্য করতে পারব।
সম্পর্কিত সংবাদ