সংবাদদাতা, নবদ্বীপ: এ বছর নবদ্বীপের যোগপীঠ শ্রীবাস অঙ্গন মন্দির, কিশোরীকুঞ্জে প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর(রাধে প্রভু) ২৫তম তিরোভাব তিথি মহোৎসব। রবিবার অধিবাসের মধ্যে দিয়ে তিরোভাব উৎসবের সূচনা হয়। আগামী চার দিন চলবে এই উৎসব। ইতিমধ্যে গত ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীশ্রীবিলাপকুসুমাঞ্জলি ভক্তিগ্রন্থ পাঠ হয়। শ্রীধাম রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ শ্রীশ্রীবিলাপকুসুমাঞ্জলি পরিবেশন করেন। ১১ জানুয়ারি রাধাকথা হওয়ার পর প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
Advertisement
আজ রবিবার ১২ জানুয়ারি তিরোভাব তিথি মহামহোৎসবের অধিবাস হয়। ১৩ জানুয়ারি বৃন্দাবন নীলাচল ও নবদ্বীপের বৈষ্ণব ব্রাহ্মণদের প্রসাদ বিতরণ। ১৩ ও ১৪ জানুয়ারি দুদিন ১৬ প্রহর নাম অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি শ্রীমন মহাপ্রভুর ৬৪ মহন্তর ভোগ আরাধনা অনুষ্ঠিত হবে। তারপর সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শ্রীবাস অঙ্গন মন্দির, কিশোরী কুঞ্জের বর্তমান সেবায়েত প্রভুপাদ শ্রীবাস গোস্বামী বলেন, প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর ২৫তম এবং প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর চতুর্থতম তিরোভাব তিথি স্মরণ মহোৎসব। রবিবার থেকে শুরু হওয়া এই মহোৎসব চলবে বুধবার পর্যন্ত। এই মহামহোৎসবে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত উপস্থিত হয়েছেন কিশোরীকুঞ্জে।-নিজস্ব চিত্র



