সংবাদদাতা, মালদহ: এক সময়ের গুলি, বারুদের গন্ধ মুছে অনেকটাই বদলে গিয়েছে কালিয়াচক। বেড়েছে ব্যবসা। উজ্জ্বল হয়েছে কালিয়াচকের শিক্ষার চালচিত্র। কিন্তু মঙ্গলবার কালিয়াচকের অদূরে যদুপুরে খুন, জখমের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ী মহল থেকে শিক্ষা অনুরাগীরা। অশান্তি, অস্থিরতার কালো মেঘ যেন বজ্রাঘাতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রত্যাশায় তাঁরা। কালিয়াচকের বাণিজ্য মহল এবং শিক্ষানুরাগীদের এই উদ্বেগের শরিক বলে জানিয়েছেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ।
Advertisement
কালিয়াচক ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সামিউল শেখ বলেন, আমরা শান্তি চাই। ব্যবসা বাণিজ্যের বিকাশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত জরুরি। যে ঘটনা ঘটেছে. তাতে কিছুটা হলেও উদ্বেগ থাকছে। আমরা চাই কালিয়াচকের শান্তি অক্ষুণ্ণ থাকুক। অস্থিরতার পুনরাবৃত্তি আমরা চাই না। শান্তি থাকলে ক্রেতা, বিক্রেতা উভয়েরই সুবিধা। এক থেকে দেড় দশক আগে কালিয়াচককে ঘিরে ছিল নেতিবাচক পরিস্থিতি। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এই ব্লকে মাদক, জালনোট, অস্ত্রের চোরাকারবারের রমরমা উদ্বিগ্ন করে তুলেছিল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মালদহের নাগরিকদের। কিন্তু পুলিস ও প্রশাসনের তৎপরতায় প্রায় এক দশক আগে থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিস্থিতি। মাদক উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি চোরাকারবার, বেআইনি অস্ত্রের রমরমা হ্রাস পেতে শুরু করে উল্লেখযোগ্যভাবে। পাশাপাশি বাড়তে থাকে কালিয়াচকের বাণিজ্য সম্ভাবনা। নতুন নতুন দোকান, শপিং মল চালু হয় কালিয়াচকে। ওষুধের ব্যবসা থেকে জামাকাপড়, প্রসাধন সামগ্রী থেকে খাবার দোকান -বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দৌলতে জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে কালিয়াচক। সরকারি স্কুল, কলেজের সঙ্গে গড়ে উঠতে থাকে একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কালিয়াচকের তরুণ, তরুণীরা বিভিন্ন চাকরিতে নিজেদের কৃতিত্বের ছাপ রাখতে শুরু করেন। তারই মধ্যে মঙ্গলবার কালিয়াচকের খুব কাছে যদুপুরে হিংসাত্মক ঘটনায় প্রাণহানি উদ্বেগ তৈরি করেছে শান্তিপ্রিয় বাসিন্দাদের মনে।
কালিয়াচকের একটি রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসার প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের কথায়, শিক্ষার স্বার্থে শান্তির বাতাবরণ অত্যন্ত প্রয়োজনীয়। যে ঘটনা ঘটেছে তা যেন নতুন করে অশান্তি তৈরি না করে। আমাদের বিশ্বাস, পুলিস ও প্রশাসন দ্রুত সঠিক পদক্ষেপের মাধ্যমে কালিয়াচকে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে।
মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর মন্তব্য, অতীতের অস্থিরতা পিছনে ফেলে কালিয়াচক বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ কালিয়াচকের এই বাণিজ্যিক সাফল্যের পথে নতুন করে কাঁটা হয়ে উঠুক, কেউ সেটা চান না। বিষয়টি আমরা প্রশাসনকেও জানাব।