নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদে রবিবার বাঁকুড়া শহরে মিছিল করে তৃণমূল। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ সারদামণি কলেজ থেকে মাচানতলা পর্যন্ত ওই মিছিল হয়। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে শিক্ষক, ছাত্র সহ তৃণমূলের অন্যান্য শাখা সংগঠনের নেতাকর্মীদের হাঁটতে দেখা যায়। অরূপবাবু বলেন, বাম আমলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য হতো। সিপিএম ফের ওই সংস্কৃতি রাজ্যের শিক্ষাঙ্গণে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যাদবপুর কাণ্ড নিয়ে এদিন সকালে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফের তরফে বাঁকুড়া শহরে মিছিল বের করা হয়। শহরের চার্চ মোড়ে কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয়। এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক অনির্বাণ গোস্বামী বলেন, তৃণমূল যাদবপুরে পরিকল্পনামাফিক গণ্ডগোল পাকিয়েছিল। এদিন তারই প্রতিবাদ জানানো হয়েছে। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে।



