Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীর পচাগলা দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

যুবতীর পচাগলা দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: প্রেমিকের ছবি বাড়িতে পাঠানোই কি কাল হল যুবতীর? পচাগলা দেহ উদ্ধারের পর পরিজনেরা শনাক্ত করার পর এমনটাই আলোচনা শুরু হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে চোপড়া থানার ধুমডাঙ্গি এলাকায় তিস্তা ক্যানেল থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতা করণদিঘি থানার পূর্ব ফতেপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ইসলামপুর হাসপাতালের মর্গ থেকে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে আরও একটি অপহরণের অভিযোগ ছিল। কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সঙ্গে নিয়ে চোপড়ার ধুমডাঙ্গি এলাকায় যাওয়া হয়েছিল। তার দেখিয়ে দেওয়া জায়গা থেকেই দেহ উদ্ধার হয়েছে।
পরিবার সূত্রে খবর, গত ১২ ডিসেম্বর রসাখোয়া গিয়েছিলেন যুবতী। সেখান থেকে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। পরে করণদিঘিতে একটি মিসিং ডায়ারি করা হয়। কয়েকদিন পরে যুবতীর সঙ্গে পরিবারের যোগাযোগ হয়। যুবতী জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। কার সঙ্গে পালিয়েছেন তা জানতে উৎসুক ছিলেন পরিবারের সকলেই। তাই প্রেমিকের একটি ছবি বাড়ির হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়েছিলেন তিনি। ছবি পাঠানোর পর থেকে আর যোগাযোগ হয়নি যুবতীর সঙ্গে। পরে প্রেমিকের ছবি দেখে চিহ্নিত করে অপহরণের অভিযোগ করা হয় ১৯ ডিসেম্বর। এবার যুবতীর দেহ উদ্ধার হয়েছে। এতেই প্রশ্ন উঠেছে, প্রেমিকের ছবি পাঠানোই কি কাল হল? 
মৃতার কাকা বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার ভাইঝিকে এক যুবক নিয়ে গিয়েছিল। আমরা তাকে চিনতাম না। পালিয়ে যাওয়ার পর দু’একবার অল্পসময়ের জন্য বাড়িতে ফোনে যোগাযোগ করেছিল। 
১৯ ডিসেম্বর প্রেমিকের ছবি পাঠানোর পর যোগাযোগ হয়নি। ছবি দেখে জানতে পারি যুবক গোয়ালপোখরের গোয়াগাঁও এলাকার বাসিন্দা। তার নামে অপহরণের অভিযোগ করা হয়েছে। 
ইসলামপুর কোর্টের সরকারি আইনজীবী জনার্দন সিংহ বলেন, আগেও অপহরণের কেসে পুলিস হেফাজতে ছিল অভিযুক্ত। বৃহস্পতিবার তাকে ফের কোর্টে তোলা হয়। বিচারক ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ