Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীর বন্ধুত্বের ফাঁদে সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

যুবতীর বন্ধুত্বের ফাঁদে সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: সোশ্যাল মিডিয়ায় যুবতীর বন্ধুত্বের ফাঁদে পড়ে সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধ। পুলিস সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর ভিডিও কল এলে যুবতীর নগ্ন ছবি দেখতে পান বৃদ্ধ। এরপরেই বৃদ্ধের স্ক্রিনশট নিয়ে ছবি বিকৃত করে ব্ল্যাকমেলিং করা হয়। নম্বর ব্লক করেও রেহাই মেলেনি। এরপর দিল্লি সাইবার ক্রাইম থানার পুলিস অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধকে ভয় দেখানো হয়। বলা হয়, যে মেয়ের সঙ্গে ভিডিও কল করা হয়েছে, তিনি আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি। তাই দ্রুত বৃদ্ধকে গ্রেপ্তার করা হবে। তবে টাকা দিলে গ্রেপ্তারি এড়ানো যাবে বলে প্রস্তাব দেওয়া হয়। এভাবে ভয় দেখানোর পর একমাস ধরে সাড়ে ৬ লক্ষ টাকা প্রতারকদের দিয়েছেন সেই বৃদ্ধ। জমানো অর্থ ব্যাঙ্ক থেকে তুলে দিনের পর দিন প্রতারিতদের অ্যাকাউন্টে জমা দেন তিনি। শেষপর্যন্ত বৃদ্ধের স্ত্রী প্রতারণার বিষয়টি ধরে ফেলেন। 
Advertisement
বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, ৭০ বছরের বেশি বয়সের বৃদ্ধের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের একটি গ্রামে। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীর ফেসবুক অ্যাকাউন্টে সম্প্রতি যুবতীর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। মেসেজ করা শুরু হওয়ার পর মাসখানেক আগেই  ফোনালাপ। অভিযোগ, বৃদ্ধকে ভিডিও কলে নগ্ন ছবি দেখানো হয়। ফোন রাখতেই ওই ব্যক্তির ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শুরু হয় ব্ল্যাকমেলিং। ওই নম্বরটি ব্লক করলেও রেহাই পাননি ওই বৃদ্ধ। এরপর মোট প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে পাঠান বৃদ্ধ। 
তবে সাইবার ক্রাইম থানা সাধারণ মানুষকে এই ধরনের বিষয়ে দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছে। এমন ভিডিও কল এবং ব্ল্যাকমেলিংয়ের ঘটনা রোজই চলছে। তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার ক্ষেত্রে যাচাই করে নেওয়া উচিত বলেই সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছে। নানা কারণে ডিজিটাল অ্যারেস্ট করার হুমকিও দেওয়া হচ্ছে। চলতি মাসেই এক রেশন ডিলার ৪০ লক্ষ টাকা প্রতারিতদের হাতে তুলে দিয়েছেন। ফের প্রতারণার ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ