নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বড়জোড়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় বাউরি। তার বাড়ি ওই থানা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেইসূত্রে যুবকের কাছে দু’জনের বেশকিছু আপত্তিকর ছবি ছিল। সম্প্রতি তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরে। ওইসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে শনিবার অভিযুক্ত যুবক ওই যুবতীকে পাড়ার একটি ফাঁকা ঘরে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে সে ওই যুবতীকে ধর্ষণ করে। পরে পুলিস সঞ্জয়কে গ্রেপ্তার করে। রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ধৃতের বিরুদ্ধে ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে।



