সংবাদদাতা, দুর্গাপুর: যুবতীকে বেনাচিতির হোটেলে ডেকে মারধর ও ধর্ষণের অভিযোগে বুধবার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম দিব্যেন্দু ভট্টাচার্য। বাড়ি কাঁকসা থানার বামুনাড়ায়। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ইভেন্ট ম্যানেজমেন্টের একটি সংস্থা রয়েছে। ওই সংস্থায় প্রায় দু’বছর ধরে বছর ২৫-এর ওই নির্যাতিতা কাজ করতেন। তাঁর বাড়ি কলকাতায়। তিনি বলেন, কাজের সময় দিব্যেন্দু আমাকে বহুবার কুপ্রস্তাব দিত। তাই আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। গত মার্চ মাসে ফোন করে সে ক্ষমাপ্রার্থনা করে। তাই আমি কাজে ফের যোগ দিয়েছিলাম। কিছুদিন ধরে আমাকে ফের শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেয়। দিব্যেন্দুর মোবাইলে আমার কিছু আপত্তিকর ছবি রয়েছে। ওই ছবিগুলি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। ওই ছবিগুলি ডিলিট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার আমাকে বেনাচিতির একটি হোটেলে ডাকে। ওই হোটেলে আমি একটি রুম ভাড়া নিয়েছিলাম। দিব্যেন্দু অন্য একটি রুম নিয়েছিল। তার রুমে আমাকে ডেকে মারধর ও ধর্ষণ করে। আমি থানায় অভিযোগ জানিয়েছি। ঘটনার বিচার চাই। অভিযুক্ত দিব্যেন্দু বলেন, আমাকে ফাঁসানো হয়েছে।