Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টা পলাতক অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যালের চিকিৎসক

যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টা পলাতক অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যালের চিকিৎসক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক পলাতক। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। ওই অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের একটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। বহরমপুরে একটি নামী হোটেলে ডেকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে কলকাতার এক যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযুক্ত চিকিৎসকের বাড়ি বেলঘরিয়া এলাকায় হলেও তিনি চাকরিসূত্রে বহরমপুর শহরে থাকেন। গত ৮ অক্টোবর গল্ফগ্রিনের ওই যুবতীকে বহরমপুরের বাড়িতে ডেকে পাঠান ওই চিকিৎসক। তারপর ডিনারে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়। তা খাওয়ার পরই ওই যুবতী অচৈতন্য হয়ে পড়েন। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর গত ২ ডিসেম্বর ফের ওই যুবতীকে বহরমপুরের একটি হোটেলে ডেকে শাসানো হয়। যুবতীর গলা চেপে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই ডাক্তারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। 
Advertisement
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। আমরা চিকিৎসকের খোঁজ চালাচ্ছি। নির্যাতিতা ওই যুবতীর সঙ্গেও কথা বলা হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হওয়ার পরেই ওই চিকিৎসক গা ঢাকা দিয়েছে। নির্যাতিত যুবতীর শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে কলকাতা থেকে বহরমপুরে আসার জন্য বলা হয়েছে। কিন্তু বুধবার তাঁর শারীরিক পরীক্ষা করানোর কথা থাকলেও তিনি আসেননি। 
মেডিক্যাল কলেজের এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে। মেডিক্যালের সুপার অনাদি রায়চৌধুরী বলেন, উনি আমাদের কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর। মেডিক্যাল কলেজের ভিতরে কোনও ঘটনা ঘটেনি, তাই আমরা এ ব্যাপারে কিছুই জানি না। অভিযোগ দায়ের যখন হয়েছে, পুলিস তদন্ত করে দেখুক। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, আমরা যে অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণী যে হোটেলের কথা উল্লেখ করেছেন সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা খোঁজখবর শুরু করেছি। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত চিকিৎসক মেডিক্যাল কলেজে ডিউটিতে আসছেন না। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। 
চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠতেই শহরবাসী প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ বলেন, আরজি কর কাণ্ডে প্রথম পথে নেমে প্রতিবাদ জানায় চিকিৎসকরা। সাধারণ মানুষের কথা না ভেবে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটিয়ে দিন রাত এক করে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে তাঁরা। এই পরিস্থিতিতে একজন চিকিৎসকের নামে এমন অভিযোগ সত্যিই উদ্বেগের। আমরা চাই পুলিস তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। ওই চিকিৎসক এই জঘন্য কাজ করে থাকলে যেন কড়া শাস্তি দেয় আদালত। 
সম্পর্কিত সংবাদ