Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ

যুবতীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন। পরে বিয়ে করার জন্য পণের দাবি। আর্থিক ক্ষমতা না থাকায় আত্মহত্যার পথ বেছে নেন এক যুবতী। এ ঘটনায় অভিযুক্ত মূল অভিযুক্ত ফেরার থাকলেও মধ্যস্থতাকারী ব্যক্তিকে সাতমাস পর গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। ধৃতের নাম অনিল কুমার। বাড়ি বিহারের সমস্তিপুরে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে শিলিগুড়ির সালকাভিটার বাসিন্দা এক যুবতী আত্মহত্যা করেন। তাঁর মা পুলিসের কাছে অভিযোগ করেন, বিহারের সমস্তিপুরের বাসিন্দা এক যুবক শিলিগুড়িতে কর্মসূত্রে এসেছিল। ওই যুবক মেয়েকে প্রেমের জালে ফাঁসায়। একাধিকবার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিষয়টি মেয়ে বাড়িতে জানালে যুবকের পরিবারের সঙ্গে বিয়ের জন্য কথা বলতে গেলে তাঁদের মারধর করা হয়। যুবকের জামাইবাবু অনিল কুমার মধ্যস্থতা করে। সে জানায় বিয়ে দিতে হলে ৪০ লক্ষ টাকা নগদ ও জমি কিনে দিতে হবে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে মেয়ে। পরে একদিন শোবার ঘরে আত্মহত্যা করে। 
তদন্তে নেমে অবশেষে শনিবার সমস্তিপুর থানার পুলিসকে সঙ্গে নিয়ে অনিল কুমারকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে মাটিগাড়া থানার পুলিস। রবিবার শিলিগুড়ি আদালতে ধৃতকে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শিলিগুড়ি আদালতের সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলায় অনিল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  
সম্পর্কিত সংবাদ