Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যাবতীয় কৃতিত্ব ফুটবলারদেরই দিলেন মোলিনা

যাবতীয় কৃতিত্ব ফুটবলারদেরই দিলেন মোলিনা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচ শেষ হতেই উচ্ছ্বসে হাত ঝাঁকালেন হোসে মোলিনা। স্প্যানিশ কোচ আবেগে ভাসার লোক নন। শনিবার সন্ধ্যায় চাপ কাটিয়ে তুলোর মতো ফুরফুরে তিনি। কোচিতে কেরল ব্লাস্টার্সের কাছে অপরাজিত রেকর্ড বজায় রাখল মোহন বাগান। ৩ গোলের সঙ্গে ৩ পয়েন্ট প্রাপ্তি। মোলিনার ড্রেসিং-রুমে হাজার ওয়াটের আলো। ম্যাচের সেরা জেমি ম্যাকলারেন। চলতি টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা ১০। শেষদিকে তাঁর জোরালো শট কেরল গোলকিপার সেভ না করলে হ্যাটট্রিকও হয়ে যেত। ম্যাকলারেনের মন্তব্য, ‘কঠিন ম্যাচ। কেরলের চাপ কাটাতে যেভাবে হোক গোলের দরকার ছিল। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।’ পাশাপাশি জেমির দ্বিতীয় গোল নিয়ে জোর চর্চা সোশ্যাল সাইটে। ম্যাকলারেন জানালেন, ‘কামিংস বল পেতেই দৌড় শুরু করি। গোটা দল অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। প্রতিটা মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে চাই।’ 
Advertisement
কঠিন বাধা অতিক্রম করে কোচ মোলিনাও চনমনে। ফুটবলারদের প্রশংসায় ভরালেন স্প্যানিশ কোচ। মোলিনার মন্তব্য, ‘কামিংসদের উপর ভরসা রয়েছে। জানতাম, সুযোগ পেলেই কামব্যাক করবে দল। কলকাতা থেকে প্রচুর সমর্থক ম্যাচ দেখতে এসেছিলেন। তাঁরা হাসিমুখে বাড়ি ফিরবেন। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’ রবিবার শহরে ফিরবে মোহন বাগান। তারপর ওড়িশা বধের প্রস্তুতি শুরু করবেন মোলিনা। এদিন চোট পান মনবীর সিং। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পাঞ্জাবি ফুটবলারকে নিয়ে চিন্তায় থিঙ্কট্যাঙ্ক। তবে মোলিনার হাতে অস্ত্র কম নেই। কার্ড সমস্যা মিটিয়ে স্টুয়ার্টও ফিরে আসবেন। অতএব মোলিনার ঘুমের ব্যাঘাত হওয়ার কথা নয়। উল্লেখ্য, পয়েন্টের বিচারে এদিন সুপার সিক্সে পৌঁছে গেল এফসি গোয়া।
Advertisement
সম্পর্কিত সংবাদ