Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের অস্বাভাবিক মৃত্যু

যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম জীবন প্রামানিক (৩২)। বাড়ি নবদ্বীপ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর সপ্তম লেনের শিমুলতলায়। শনিবার গভীর রাতে ওই যুবককে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। বাড়িতে স্ত্রী এবং একটি চার বছরের মেয়ে আছে।  চার পাঁচ দিন আগে জীবনের স্ত্রী নবান্ন উপলক্ষ্যে মেয়েকে নিয়ে  বাবার বাড়ি কাটোয়ার কেতুগ্রামে গিয়েছেন। এক প্রতিবেশী জানান, শনিবার সকাল থেকে জীবনকে দেখতে পাওয়া যাচ্ছিল না। বাড়ির দরজা-জানলাও ভেতর থেকে আটকানো ছিল। 
প্রতিবেশীদের সন্দেহ হয় তাঁরাই স্থানীয় লোকজনদের খবর দেন। তাঁরা এসে জীবনবাবুকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে মোবাইলে ফোন করেন। কিন্তু দেখা যায় ঘরের ভেতর থেকে মোবাইল ফোনে  রিং-এর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। স্থানীয় কাউন্সিলরকে খবর দেন এলাকার বাসিন্দারা। তিনিই নবদ্বীপ থানায় খবর দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিস।  প্রাথমিক অনুমান অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিস।
সম্পর্কিত সংবাদ