সংবাদদাতা, কুমারগ্রাম: তুফানগঞ্জ-২ ব্লকের নাজিরান দেউতিখাতা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রদীপ সরকার (৩৩)। বৃহস্পতিবার বিকেলে নাজিরান দেউতিখাতায় তাঁকে জোড়াই নদীর ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা প্রদীপকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস মৃতদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে প্রদীপের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শুক্রবার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস।



