Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবককে বিয়েতে রাজি করাতে গাড়ির টোপ দিয়েছিল ‘রঙ্গিলা’

যুবককে বিয়েতে রাজি করাতে গাড়ির টোপ দিয়েছিল ‘রঙ্গিলা’
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বারবার বিয়ে করে প্রতারণা করার দায়ে গ্রেপ্তার হওয়া ‘রঙ্গিলা’র নানান কীর্তি সামনে আসতেই অবাক পুলিস কর্তারা। মুর্শিদাবাদের জলঙ্গিতে তিয়াশা নাম নিয়ে এক হিন্দু যুবককে বিয়ে করে সে। তারপর সেই যুবকের নামে মামলা করে। ফের বেলডাঙায় এক যুবককে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সে। সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে কথা বলা শুরু করে রঙ্গিলা। একটি হেলথ সেন্টারের স্বাস্থ্যকর্মী হিসেবে মোটা বেতনের কাজ করত ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ার পর মাইনের কথা জানতে পেরে ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সে।  নিজে থেকে ভালোবাসার কথা জানায় রঙ্গিলা। ভালোবাসার প্রমাণ দিতে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওই যুবতী। এমনকী, বিয়ের আগেই একটি দামি বিলাসবহুল চারচাকা গাড়ি দেওয়ার টোপ দিয়েছিল রঙ্গিলা। 
Advertisement
রঙ্গিলা ওই যুবকের কাছে নিজেকে এক পুলিস অফিসার বলে পরিচয় দেয় সে। যুবককে চারচকা কিনে দেবে বলে আধার ও প্যান কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট সই করে চেয়ে পাঠায়। সেইমতো সব নথি সই করে পাঠিয়ে দেন। তারপর রঙ্গিলা একদিন গাড়ির শো-রুমে গিয়ে ভিডিও কলে ওই যুবককে গাড়ি পছন্দ করতে বলেছিল। রঙ্গিলার তৎপরতা দেখে যুবকের সন্দেহ হয়। সে ওই যুবতীর ব্যাপারে খোঁজ শুরু করে। গাড়ির শো-রুমের কর্মীর নম্বর জোগাড় করে ফোন করে ওই যুবতীর ব্যাপারে জানতে চায়। শো-রুমের কর্মীদেরও ওই যুবতীকে দেখে সন্দেহ হয়েছিল। সেকথা জানার পরই রঙ্গিলাকে ব্লক করে দেয় ওই যুবক। তারপরই যুবতীর একাধিক নম্বর থেকে ফোন করে যুবককে হুমকি দিতে থাকে। নিজেকে পুলিস অফিসার দাবি করে ভয় দেখায়। রঙ্গিলা আরও জানিয়েছিল, তার বাবা লালবাজারের বড় অফিসার। তার সুপারিশে রঙ্গিলা কয়েকদিনের মধ্যে বেলডাঙা থানায় জয়েন করবে। তারপর যুবককে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি দেয়। এসব শুনে আতঙ্কিত হয়ে ওই যুবক বেলডাঙা থানায় ছোটেন। পুলিসকে মৌখিকভাবে বিষয়টি জানান। পুলিস তাকে আশ্বস্ত করে ওই নামে কেউ থানায় জয়েন করার কোনও সম্ভাবনা নেই। 
বেলডাঙা থানার এক অফিসার বলেন, ওই যুবক থানায় এসে ওই মেয়েটির ব্যাপারে জানতে চেয়েছিল। তবে, তিনি কোনও লিখিত অভিযোগ জমা করেননি। মৌখিকভাবে তিনি যেসব কথা জানিয়েছিলেন, তাতে মনে হয়েছিল, ওই যুবতী তাঁকে প্রতারিত করার চেষ্টা করছে। 
গত বৃহস্পতিবার বহরমপুর থানার পুলিস অন্য একটি প্রতারণার মামলায় ওই যুবতীকে গ্রেপ্তার করে। রাজ্যের বিভিন্ন থানায় ওই যুবতীর নামে একাধিক অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। তদন্তকারীরা রঙ্গিলার একের পর এক কীর্তির কথা জানতে পেরে স্তম্ভিত। জলঙ্গি থানা এলাকায় একটি যুবককে বিয়ে করে প্রতারণা করার চেষ্টা করে সে। এদিকে ওই যুবকের নামে জলঙ্গি থানায় মামলা করে। তারপর থেকে ছেলেটি ও তার পরিবারের সদস্যরাও পালিয়ে বেড়াচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ