Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবক খুনে কান্দি আদালতে দোষী সাব্যস্ত দুই প্রতিবেশী, ফেরার ৩

যুবক খুনে কান্দি আদালতে দোষী সাব্যস্ত দুই প্রতিবেশী, ফেরার ৩
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: প্রায় পাঁচবছর আগে জমি সংক্রান্ত বিবাদের জেরে যুবক খুনের ঘটনায় দুই প্রতিবেশীকে দোষী সাব্যস্ত করল কান্দি মহকুমা আদালত। ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামে ওই খুনের ঘটনা ঘটেছিল। অভিযুক্ত শঙ্কর বিশ্বাস ও সৌরভ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও এই মামলায় আরও তিন অভিযুক্ত ফেরার রয়েছে। মঙ্গলবার কান্দি মহকুমা আদালতের বিচারক সমরেশ বেরা দু’জনকে দোষী সব্যস্ত করেন। বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা করা হবে বলে আদালতের সরকারি আইনজীবী সুকান্ত মজুমদার জানিয়েছেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে খুন হন পল্লিশ্রী গ্রামের যুবক জয়দেব বিশ্বাস(২৫)। মৃতের পরিবারের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্রতিবেশীদের। ওই বছরের ৯ ফেব্রুয়ারি আমিন নিয়ে এসে উভয়পক্ষ বির্তকিত জমির মাপজোক শুরু করেন। সেইসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেদিন অনেকে জখম হয়েছিলেন। এরপর লাঠির আঘাতে জখম জয়দেবকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বহরমপুরের একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তিনি মারা যান। জয়দেববাবুর মৃত্যু পর ভরতপুর থানায় সৌরভ বিশ্বাস, সমীর বিশ্বাস, শঙ্কর বিশ্বাস, মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাসের নামে খুনের অভিযোগ করেন মৃতের ভাইঝি আশালতা বিশ্বাস। এদের সকলের বাড়ি পল্লিশ্রী গ্রামে।
এরপর এই ঘটনায় ভরতপুর থানার পুলিস খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সমীর বিশ্বাস ও শঙ্কর বিশ্বাসকে। তখন থেকেই উভয়ে জেল হেফাজতে রয়েছে। বাকিরা এখনও ফেরার রয়েছে। আদালতে এই খুনের ঘটনায় মোট ২২জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর এদিন অভিযুক্ত শঙ্কর বিশ্বাস ও সৌরভ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ