সংবাদদাতা, হবিবপুর: ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে থাকা এক যুবককে আটক করল পুলিস। তার পুঁটলি থেকে মোবাইল ফোন, ভারত ও বাংলাদেশের সিমকার্ড পাওয়ার পর বাসিন্দারা খবর দেন হবিবপুর থানার পুলিসকে। তারা যুবককে আটক করে নিয়ে যায়। সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হবিবপুর ব্লকের জাজইল বাসস্ট্যান্ড মোড় এলাকার ঘটনা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, ওষুধের দোকানের সামনে সকাল থেকে ঘোরাঘুরি করছিল ওই যুবক। দুপুর দু’টো পর্যন্ত তাকে সেখানেই দেখা যায়। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও উত্তর দেয়নি যুবক। ওষুধের দোকানদার অশোক মজুমদার জানান, মোড়ে থাকা সিভিক পুলিসকে ডেকে বিষয়টি জানানো হয়। যুবকের পুঁটলি খুলে দেখেন স্থানীয়রা। তাতে একটি বড় মোবাইল ফোন নজরে আসে। ফোনে ভারত ও বাংলাদেশের সিমকার্ড ছিল। এরপর থানায় খবর দেওয়া হয়।



