Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুব তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিসের

যুব তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিসের
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দেওয়নহাট: দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে শনিবার জিজ্ঞাসাবাদ করা হল পুরসভার কর্মী তথা যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্যকে। পুরসভার জাল প্ল্যান দুর্নীতি কাণ্ডে এই প্রথম থানায় ডেকে তৃণমূলের যুব নেত্রীকে জিজ্ঞাসাবাদ করল পুলিস। যুব নেত্রী আবার পুরসভার চতুর্থ শ্রেণির কর্মীও। যুব নেত্রী কিভাবে এই সরকারি চাকরি পেলেন, সেই বিষয়টিরও তদন্ত চেয়েছে বিজেপি। শনিবার বিকেল ৫টা নাগাদ যুব নেত্রী থানায় আসেন। এদিন ওই তৃণমূল নেত্রী ছাড়াও প্রাক্তন পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীকেও ডেকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠার পরেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
Advertisement
ইতিমধ্যেই দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত ৩০ ডিসেম্বর পুরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে প্রথম গ্রেপ্তার করে পুলিস। এরপর পুরসভার দুই ইঞ্জিনিয়ারকেও গ্রেপ্তার করা হয়। তাদের পুলিস রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিস সূত্রে খবর, তাতেই অনেকের নাম উঠে আসে। গত বৃহস্পতিবার পুরসভার হেড ক্লার্ক জগদীশ সেন ও ক্যাশিয়ার সম্রাট দাস সহ দু’জন গ্রুপ-ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিকেল থেকে রাত পর্যন্ত চলে টানা জিজ্ঞাসাবাদ। ঘটনায় যাদের নাম উঠে আসছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের কিনারা করতে চাইছে পুলিস ।  
বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, ওই তৃণমূল নেত্রী পুরসভায় কীভাবে চাকরি পেলেন? সেই তদন্তও হওয়া উচিত। দিনহাটার মানুষ এসব নজরে রাখছেন। আমরাও নজরে রাখছি। প্রয়োজনে আন্দোলনও হবে।
এবিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী বলেন, পুলিস তদন্ত করছে। এবিষয়ে আমার কিছু বলার নেই।
সম্পর্কিত সংবাদ