Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রাক্তন কোচ জাভিকে কৃতিত্ব দিচ্ছেন ইয়ামাল

প্রাক্তন কোচ জাভিকে কৃতিত্ব দিচ্ছেন ইয়ামাল
  • ১৭ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

বার্সেলোনা: বার্সেলোনার লা লিগা জয়ের অন্যতম নায়ক লামিনে ইয়ামাল। বৃহস্পতিবার খেতাব নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত ১৭ বছরের তরুণ বলছিলেন, ‘এই তো সবে শুরু। বার্সার হয়ে আরও অনেক ম্যাচ, খেতাব জেতাই আমার লক্ষ্য।’ উল্লেখ্য, ২০২৩ সালে জাভির কোচিংয়ে মাত্র ১৫ বছর বয়সে বার্সার সিনিয়র দলে অভিষেক হয় লামিনের। বাকিটা ইতিহাস। বৃহস্পতিবার লা লিগা খেতাব নিশ্চিতের পর জাভিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি এই তরুণতুর্কি। তাঁর কথায়, ‘জাভি স্যর ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না। তিনিই প্রথম আমায় সিনিয়র দলে সুযোগ দিয়েছিলেন। তাই তাঁর কাছে কৃতজ্ঞ।’ পাশাপাশি বর্তমান কোচ হ্যান্স ফ্লিকের প্রশংসাও শোনা গিয়েছে লামিনের গলায়। তাঁর কথায়, ‘ফ্লিক টিমের চিন্তভাবনাই বদলে দিয়েছেন। আগামী দিনে বার্সেলোনা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’

Advertisement

জার্মানির জাতীয় দলের হয়ে সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে হ্যান্স ফ্লিকের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ২০১৯-২০ মরশুমে তিনি বায়ার্ন মিউনিখকে ত্রিমুকুট জিতিয়েছিলেন। চলতি মরশুমে দায়িত্ব নিয়ে বার্সাকেও সাফল্য এনে দিচ্ছেন। ফ্লিকের কথায়, ‘বার্সেলোনার মতো ক্লাব শিরোপা জিতবে, এটাই তো স্বাভাবিক। এই মরশুমে আমরা তিনটি ট্রফি জিতেছি, যা অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে সুপার কাপ জয়ের পর থেকে ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি। সবথেকে বড় ব্যাপারে প্রত্যেকের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আর ফুটবলারদের নিয়ে আলাদা করে কী বলব। বয়স কম হলেও লামিনে, কুবার্সি, পেড্রি, গাবিদের প্রতিভা নিয়ে সংশয়ের অবকাশ নেই।’ এদিকে, বৃহস্পতিবার লা লিগা খেতাব নিশ্চিতের পর কোচ ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণাও করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তে।

Advertisement
সম্পর্কিত সংবাদ