সংবাদদাতা, বনগাঁ: এ যেন নামেই তালপুকুর, ঘটি ডোবে না। নামেই বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু সেখানে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ এক্স-রে মেশিন। ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের আত্মীয়রা। বাইরে থেকে মোটা টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের। অভিযোগ, এই সুযোগে হাসপাতালে দালালচক্রের রমরমা বেড়েছে। নির্দিষ্ট এক্স-রে সেন্টারে রোগীকে পৌঁছে দিয়ে ‘বকশিস’ লুটছেন টোটোচালকরাও। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দু’একবার টেকনিশিয়ান এলেও মেশিন ঠিক হয়নি।
বনগাঁ মহকুমার কয়েক লক্ষ মানুষের একমাত্র ভরসা বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল। শুধু বনগাঁ নয়, নদীয়া থেকেও বহু মানুষ এই হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। গুরুত্বপূর্ণ সেই হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকায় হাসপাতালের পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে এক্স-রে যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
হাসপাতালের এক শল্য চিকিৎসক জানান, দীর্ঘদিন এক্স-রে মেশিন বিকল থাকায় গুরুত্বপূর্ণ অপারেশন করার ক্ষেত্রে নানা প্রতিকূলতা আসছে। রোগীকে অন্যত্র পাঠাতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাইরে থেকে এক্স-রে করাতে গিয়ে দালালচক্রের শিকার হতে হচ্ছে রোগীদের। সূত্রের দাবি, প্রতিদিন কোন রোগীর এক্স-রে প্রয়োজন, সেই খবর পৌঁছে যাচ্ছে চক্রের সদস্যদের কাছে। চক্রের সদস্যরা ওই রোগীকে হাসপাতাল থেকে বের করে বেসরকারি সেন্টারে নিয়ে যাচ্ছেন। এই কাজে টোটোচালকদের নিয়োগ করছে দালালচক্র। বেসরকারি সেন্টারে পৌঁছে দিতে পারলেই রোগী প্রতি ১০০ টাকা পেয়ে যাচ্ছেন টোটোচালকরা। হাসপাতালের কাছে বেশ কয়েকটি সেন্টারে চলছে এই চক্র। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন বন্ধ থাকার পিছনে দালালচক্রের হাত আছে কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
এই প্রসঙ্গে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, এক্স-রে মেশিন বন্ধ থাকার বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা এসে সেটি দেখেও গিয়েছেন। বড়োসড়ো জটিলতা থাকায় মেশিন এখনও ঠিক হয়নি। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।



