হোটেলের ‘কায়দায়’ নার্সিংহোমের বেড ভাড়া নেয় বর্ধমানের দালালরা , চিকিৎসা শুরুর আগেই রোগীদের থেকে ‘আইপি’ আদায়
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: হোটেলের কায়দাতেই বর্ধমানে নার্সিংহোমের বেড ভাড়া দেওয়া হয়। মাসে প্রতি বেডপিছু ভাড়া সাত-আট হাজার টাকা। কোনো কোনো নার্সিংহোমে অবশ্য বেডের রেট আরও বেশি। দালালরাই নার্সিংহোম মালিকদের কাছ থেকে ১৫-২০টি বেড ভাড়া নিয়ে অসম, ঝাড়খণ্ড, বিহার এবং রামপুরহাট থেকে রোগী নিয়ে আসে। রোগী বেড পর্যন্ত নিয়ে যেতে পারলেই বিল ২৫-৩০ হাজার টাকা। চিকিৎসা শুরু হওয়ার আগেই রোগীর খাতায় ওই বিল নথিভুক্ত হয়ে যায়। সেই টাকা যায় দালালদের অন্য আরএকটি চক্রের কাছে। তাদের কাছে এই কমিশন আইপি(ইনস্ট্যান্ট পেমেন্ট) নামেই পরিচিত। বর্ধমানের বেশকিছু নার্সিংহোমে এই কায়দাতেই রোগীদের পকেট ফাঁকা করছে দালালরা।

Advertisement

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আমার কাছে খবর আছে অনেক নার্সিংহোমে ডাক্তারও থাকেন না। দালালরাই ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা করে। নিয়ম অনুযায়ী নার্সিংহোমগুলিতে সর্বক্ষণ চিকিৎসক থাকা প্রয়োজন। হাতে গোনা কয়েকটি নার্সিংহোম ছাড়া অধিকাংশ জায়গাতেই এই নিয়ম মানা হয় না। স্বাস্থ্য কমিশন সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছে। নিয়ম না মেনে যারা চলছে, তাদের কেউ ছাড়া পাবে না। 
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১১সালের আগে নবাবহাটের দিকে চার থেকে পাঁচটি নার্সিংহোম ছিল। এখন সেখানেই কয়েক মিটার অন্তর নার্সিংহোম তৈরি হয়েছে। ছোটো ঘরের মধ্যেই নার্সিংহোম তৈরি করে দেওয়া হয়েছে। সিপিএম নেতা দীপঙ্কর দে বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্বাস্থ্য কমিশনের পরিদর্শন আইওয়াশ ছাড়া কিছুই নয়। নবাবহাটের এমন কিছু নার্সিংহোম রয়েছে সেগুলিতে কোনো নিয়ম মানা হয় না। অথচ স্বাস্থ্য কমিশন সেগুলিতে গেল না। বহাল তবিয়তে ওই নার্সিংহোমগুলি চলছে। সবার আগে স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তারাই নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারগুলি তৈরির ছাড়পত্র দিয়েছিল। 
স্থানীয় বাসিন্দারা বলেন, নিয়ম না মেনে চলা নার্সিংহোমের মালিকরা সাধারণত স্থানীয় রোগীদের ভরতি নিতে চায় না। কারণ, বেশি বিল করলে স্থানীয়রা প্রতিবাদ করেন। কিন্তু, ঝাড়খণ্ড, অসম বা রামপুরহাট থেকে আসা রোগীদের আত্মীয়রা প্রতিবাদ করতে পারেন না। তাছাড়া বেশকিছু নার্সিংহোমের ‘বাহিনী’ রয়েছে। বিল দিতে না পারলেই তারা হামলা চালায়। কয়েকদিন আগে নবাবহাটের একটি নার্সিংহোমে ভুল অপারেশনে এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর পরিবারের দাবি, ‘পুটাই’ নামে এক দালাল নিজেকে ডিআইবি অফিসার পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। সে টাকারও অফার করে। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, অনিয়মের শিকড় বহুদূর বিস্তৃত রয়েছে। ঠিকমতো তদন্ত হলে অনেক রাঘববোয়াল জড়িয়ে যাবে। তবে বর্ধমানের বেশকিছু নার্সিংহোম নিয়ম মেনেই চিকিৎসা করে।