নিজস্ব প্রতিনিধি, মালদহ: রোগীর খাবার নিয়ে প্রশ্ন তুললেন খোদ মালদহ মেডিকেলের এমএসভিপি গণেশচন্দ্র গায়েন। তাঁর অভিযোগ, রোগীদের যে পরিমাণ খাবার দেওয়ার কথা, আদৌও তা দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, রোগীদের দেওয়া খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে। কত রোগীর জন্য কী পরিমাণ খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তার কোনো হিসাব তাঁকে দেওয়া হচ্ছে না অভিযোগ সুপারের।
শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে ইংলিশবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ির সামনে রোগীদের খাবার নিয়ে এমএসভিপি›র অভিযোগ অন্য মাত্রা পায়। বৈঠক শেষ করেই মেডিকেলের অধ্যক্ষ ও সুপারকে সঙ্গে নিয়ে হাসপাতালের কিচেনে হানা দেন বিধায়ক। খাবার সরবরাহকারীকে সাফ জানিয়ে দেন, বর্তমান রাজ্য সরকার হাসপাতালে রোগীর ডায়েটের জন্য বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করেছে। ফলে খাবার নিয়ে কোনো অভিযোগ যেন না থাকে। এক সপ্তাহের মধ্যে সবটা ঠিক করতে হবে। হাল না ফিরলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
রোগীর খাবারের পাশাপাশি ওয়ার্ডে নোংরা বেড শিট নিয়েও এদিন প্রশ্ন ওঠে রোগী কল্যাণ সমিতির বৈঠকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিকেলের কোনো নিজস্ব লন্ড্রি নেই। রোজ গড়ে হাজার খানেক রোগী ভর্তি থাকেন। সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে, প্রতিদিন বেড শিট বদলাতে হবে। সপ্তাহের কোন দিন কী রঙের বেড শিট দিতে হবে, সেটাও বলে দেওয়া আছে। কিন্তু মালদহ মেডিকেলে সপ্তাহের সাত দিনে সাত রঙের বেড শিট দেওয়া তো দূরের কথা, এক সপ্তাহেও একটি বেড শিট বদলানো হচ্ছে না বলে অভিযোগ। রোগী ভর্তি হলে তাঁকে বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে আসতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিকেলে রোজ গড়ে ভর্তি থাকা হাজার রোগীর বেড শিট কাচতে ভরসা মাত্র দু’টি ওয়াশিং মেশিন। তার মধ্যে আবার একটি খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে একটি ওয়াশিং মেশিনে দিনে সাকুল্যে ৭০টির বেশি বেড শিট কাচা সম্ভব হচ্ছে না। এর উপর যেদিন আকাশ মেঘলা থাকছে কিংবা বৃষ্টি হচ্ছে, সেদিন ওয়াশিং মেশিনে কাচা বেড শিট শুকাছে না। ফলে নোংরা বেড শিটে শুতে হওয়ায় ক্ষোভ বাড়ছে রোগীদের মধ্যে। মালদহ মেডিকেলের এমএসভিপি বলেন, এটা ঠিক, সরকারের নির্দেশ মতো রোজ বেড শিট বদলানো সম্ভব হচ্ছে না। মেকানাইজড লন্ড্রি চালু হতে এখনও দেরি আছে। বিষয়টি নিয়ে এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা হয়েছে। লন্ড্রি থেকে নিয়মিত বেড শিট কাচানোর ব্যবস্থা করলে সেক্ষেত্রে টাকা মিলবে কোথা থেকে, সেই প্রশ্ন এসেছে। মেডিকেলের অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন, এক্ষেত্রে কিছুটা অর্থ হয়তো রোগী কল্যাণ সমিতি থেকে দেওয়া যেতে পারে। কিন্তু নিয়মিত টাকা দেওয়া সম্ভব নয়।



