নিজস্ব প্রতিনিধি, তমলুক: নেশার টাকা জোগাড় করতে হাসপাতালে ঢুকে তার কেটে ডায়ালিসিস বিভাগকে অকেজো করে দিয়েছিল এক দুষ্কৃতী। বুধবার নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ওই ঘটনায় পর তিনদিন ডায়ালিসিস বন্ধ ছিল। যুদ্ধকালীন তৎপরতায় শনিবার ডায়ালিসিস বিভাগ আবারও কার্যকরী করা হয়। ওই ঘটনার হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগে বৃহস্পতিবার ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। তাকে ১৪দিনের শ্রীঘরে পাঠিয়েছে হলদিয়া এসিজএম কোর্ট। তিনদিন ডায়ালিসিস না হওয়ায় রোগীদের প্রবল ভোগান্তি হয়েছে। এই ঘটনায় হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতাল সুপার পবিত্র হালদার বলেন, একজন হাসপাতালে ঢুকে চুরি করার উদ্দেশ্যে তার টানাটানি করেছে। এরফলে ডায়ালিসিস ইউনিটের তার ছিঁড়ে ওই বিভাগ অকেজো হয়ে পড়েছিল। জরুরি ভিত্তিতে মেরামত করে শনিবার থেকে ফের ডায়ালিসিস চালু হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রোগী সেজে ওই ব্যক্তি হাসপাতালে ঢোকে। তারপর মুখে গামছা বেঁধে তিনতলায় তার ছিঁড়ে ব্যাগে ভরে চম্পট দেয়। তারপরই ডায়ালিসিস বিভাগ অকেজো হয়ে পড়ে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে গামছা বাঁধা অবস্থায় তিনতলায় তার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আরও কিছু সামগ্রী চুরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে থানায় এফআইআর করেন সুপার। তারপর তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০২৪সালের ২৭নভেম্বর নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়। এরআগে ওই এলাকায় সরকারি কোনো হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা ছিল না। এরফলে ডায়ালিসিস করানোর জন্য কলকাতা, তমলুক সহ বিভিন্ন জায়গায় যেতে হত। অনেকে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হতেন। কিন্তু, নন্দীগ্রামের হাসপাতালে ওই ইউনিট চালুর ফলে ওই এলাকার মানুষজনকে আর দূরবর্তী এলাকায় যেতে হয় না। তাঁদের অনেক সুবিধা হয়েছে। এরকম একটি পরিষেবা তিনদিন অকেজো থাকায় মানুষের সমস্যা হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য একেবারে হাসপাতালে উঠে যন্ত্রাংশ ও তার চুরির ঘটনা উদ্বেগজনক।
নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, হাসপাতালে ঢুকে চুরির ঘটনা আমাদের আশ্চর্য করে তুলেছে। তারউপর তার ছিঁড়ে দেওয়ায় ডায়ালিসিস ইউনিট অকেজো করে দেওয়ার ঘটনা আরও ভাবিয়ে তুলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত মেরামত করেছে। শনিবার থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে। নন্দীগ্রাম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।



