বাইরে থেকে আর ওষুধ কিনতে হবে না, ব্যবস্থা করবে কর্তৃপক্ষই
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতালে বাইরে থেকে একটা ওষুধও কিনতে হবে না। প্রেসক্রিপশনের কোনো ওষুধ হাসপাতালে না থাকলে তা ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে স্থানীয়ভাবে কিনে দেবে হাসপাতাল কর্তৃপক্ষই। শনিবার এক নির্দেশিকায় একথা জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। তারা জানিয়েছে, এরপর থেকে রোগীর বাড়ির লোককে বাইরে থেকে প্রেসক্রিপশনের কোনো ওষুধ কেনার জন্য পাঠানো যাবে না। হাসপাতালে না থাকা ওষুধ ব্যবস্থা করে রোগী বা বাড়ির লোকের হাতে তুলে দেবে সরকারই। সব ওষুধ মিলছে না, এমন প্রেসক্রিপশনগুলি প্রথমে পাঠানো হবে সুপার তথা উপাধ্যক্ষ বা ডেপুটি সুপার (নন মেডিকেল) অথবা সহকারী সুপারের কাছে। তিনিই তা কেনার ব্যবস্থা করবেন।  শুধু তাই নয়, প্রেসক্রিপশন কেমন হতে হবে, সে সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। ওই নির্দেশে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, প্রেসক্রিপশনের কাগজেই প্রেসক্রিপশন লিখতে হবে। প্রতিটি প্রেসক্রিপশনে ডাক্তারের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং পদ—এই তিনটি বিষয় বড়ো হাতের লেখায় লিখতে হবে। 

Advertisement

সূত্রের খবর, নির্দেশনামার উদ্দেশ্য জনস্বার্থবাহী হলেও রূপায়ণ নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ, আউটডোর বা ইনডোরের কোনো ওষুধ অমিল হলে সেই প্রেসক্রিপশন কে পাঠাবেন সুপার বা ডেপুটি অথবা সহকারী সুপারের কাছে? প্রেসক্রিপশন নিয়ে রোগীর বাড়ির লোককেই ছুটে বেড়াতে হবে? তাঁকেই কি সরকারি অনুমোদন নিয়ে ন্যায্য মূল্যের দোকানে লাইনে দাঁড়াতে হবে? এসব বিষয়ে স্পষ্ট নয় নির্দেশে। ভালো করতে গিয়ে হাজার হাজার রোগী ও বাড়ির লোকের ব্যাপক হয়রানি হবে না তো? আশঙ্কা করছেন বহু চিকিৎসক।