মুখ্যমন্ত্রীর হাত ধরে নদীয়ায় আরাধনা শুরু, রানাঘাট চারের পল্লির পুজো উদ্বোধন শুভেন্দু অধিকারীর
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: মুখ্যমন্ত্রীর হাত ধরে নদীয়া জেলায় শুরু হয়ে গেল পুজো। মঙ্গলবার রানাঘাটের ঐতিহ্যবাহী চারেরপল্লি দুর্গোৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবছর এই পুজো ৭৫ বছরে পদার্পণ করেছে। থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। উদ্বোধনের পরই পুজো মণ্ডপ চত্বরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদের পুজোর উদ্বোধন হওয়ায় খুশি উদ্যোক্তারা।

Advertisement

রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে এদিন মুখ্যমন্ত্রী রানাঘাটে আসেন। হবিবপুরে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে দুপুর ১২টা নাগাদ তিনি হেলিকপ্টার থেকে নামেন। সেখান থেকে সড়কপথে তিনি সোজা পুজো মণ্ডপে পৌঁছান। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে, মায়ের পায়ে ফুল নিবেদন করে তিনি চারেরপল্লি দুর্গাপুজোর সূচনা করেন। তারপর তিনি পুজো মণ্ডপের পাশে থাকা মঞ্চ থেকে বাংলার ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রসারের কথা তুলে ধরেন। তিনি বলেন, নবদ্বীপ, মায়াপুর হয়ে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বর তীর্থক্ষেত্রের মাধ্যমেই এই বাংলায় আধ্যাত্বিক জাগরণ এগিয়ে চলেছে। পাশাপাশি তিনি কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুরের জগৎ বিখ্যাত রাসের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। আগামী দিনে মুখ্যমন্ত্রী এই উৎসবগুলিতেও আসার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরে রাজ্যে প্রায় ৫৭ হাজার ৪০০টি দুর্গাপুজো কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
প্লাটিনাম জয়ন্তী বর্ষে চারেরপল্লি পুজো কমিটি তাদের মণ্ডপসজ্জা এবং ভাবনায় এক অভিনব চমক নিয়ে এসেছে। এবছর তাদের মূল থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। নিখুঁত কারুকার্য ও আলোয় সাজিয়ে তোলা এই থিম দেখতে উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। দর্শনার্থী সুপর্ণা দাস, জয়দীপ ঘোষ বলেন, মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে এসেছিলাম। জানতাম না যে মুখ্যমন্ত্রী আসবেন। তাঁকেও সামনাসামনি দেখতে পেলাম। পুজো মণ্ডপ ও প্রতিমা খুবই ভাল লেগেছে। তবে রাতের সময় আলোয় আরও বেশি ভাল লাগবে বলে মনে হয়।
এদিন পুজো মণ্ডপের পাশের মঞ্চে ধর্মীয় সাংস্কৃতিক ভাবধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সৃষ্টের পালন ও দুষ্টের দমনের’ বার্তা ফুটিয়ে তোলা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর হাতে গদা তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সেই গদা তুলে ধরতেই উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। এদিনের জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সভাধিপতি প্রণতি বিশ্বাস, নদীয়া জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট দক্ষিণের বিধায়ক অসীমকুমার বিশ্বাস এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিধান স্বপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন চারেরপল্লির পুজো উদ্যোক্তারা। আইন শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ও পুজো কমিটির তরফে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে পুজো উদ্যোক্তারা জানান। -নিজস্ব চিত্র