নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার মাটি তুলে নিয়ে গিয়ে টেরাকোটার কারুকার্যে তৈরি হয়েছে ম্যুরাল। বাঙালি শিল্পীদের হাতে সেজে উঠেছে বিশ্বমঞ্চের মেলা। ‘ভারত মণ্ডপ’। জাপানের ওসাকায় চলছে ওয়ার্ল্ড এক্সপো ২০২৫। পশ্চিমবঙ্গ সরকার সহ ১২ টি রাজ্য অংশ নিচ্ছে বিদেশের এই বাণিজ্যমেলায়। বাণিজ্য মন্ত্রকের অধীন আইটিপিও এই মেলায় যোগ দিয়ে ভারতের নানা রাজ্যের সম্ভার তুলে ধরছে। মিলছে বাংলার ফুচকা, কচুরি সহ ভারতীয় স্ট্রিট ফুডস।
বিপণনের পসরা যেমন জাপানি সহ বিদেশিদের আকর্ষণ করছে, একইসঙ্গে চোখ টানছে ভারতের প্যাভিলিয়ন। গত ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা। চলবে আগামী অক্টোবর পর্যন্ত। অংশ নিয়েছে বিশ্বের ১৬৫ টি দেশ। আর তার মধ্যে এখনই ‘মোস্ট ভিজিটেড প্যাভিলিয়নে’র তালিকায় প্রথম পাঁচে ভারত। বাকি দেশগুলি হল জাপান, আমেরিকা, ইতালি এবং ফ্রান্স। জানালেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের (আইজিএনসিএ) সদস্য সচিব ড. সচ্চিদানন্দ জোশি। তাঁর নেতৃত্বেই ভারতীয় শিল্পীরা কাজ করেছেন ওসাকায়। এই প্রথমবার মণ্ডপ সাজানোর দায়িত্ব নিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কাজ করেছে আইজিএনসিএ।
২২৫ কোটি টাকা খরচে যে মণ্ডপ রূপ নিয়েছে অজন্তার গুহাচিত্রে থাকা পদ্মপানি বোধিসত্ত্বের নীল পদ্মের আকারে। ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে ২৪ পদ্ম-পাপড়ির অন্দর বাইরের আকর্ষণ কম নয়। ভারতই বিশ্বকে শিখিয়েছে করজোড়ে ‘নমস্তে’। কোণার্কের রথের চাকা বলে সময়চক্র। আর নারায়ণের হাতে শঙ্খ-চক্র-গদা-পদ্ম ইঙ্গিত দেয় ভারতীয় ভাবনার নানা দিককে। দিল্লি প্রবাসী (আদতে মেদিনীপুরের মহিষাদলের মানুষ) শিল্পী গৌরমোহন পাহাড়ি তৈরি করেছেন ওসাকায় ভারত মণ্ডপের এই সবকিছুই। ভুবনেশ্বরের শিল্পী কীর্তিকিশোর মহারানা তৈরি করেছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের থেকে সংগ্রহ করা মাটি থেকে ম্যুরাল ‘বন্ডস অব সোল।’ রামসুতারের তৈরি মহেঞ্জোদারোর ‘ডান্সিং গার্ল’ যেমন শোভা পাচ্ছে ওসাকায়, একইভাবে গৌরমোহনের তৈরি বোধিবৃক্ষ।
বাংলা আর বাঙালির সিংহভাগ কীর্তিই ওসাকার কানসাইয়ের এই মেলার মূল থিম ‘ডিজাইনিং ফিউচার সোসাইটি অব আওয়ার লাইভস’কে করে তুলেছে জীবন্ত। ভারত মণ্ডপে যেমন তুলে ধরা হয়েছে আয়ুর্বেদ, তেমনই ডিজিটাল ভারত। চন্দ্রযান। তবে এই মণ্ডপ সাজিয়ে তোলা মোটেই সহজ ছিল না, বলছেন সচ্চিদানন্দ জোশি। ৫০ টন ওজনের পদ্ম-পাপড়ি তৈরি হয়েছে বেঙ্গালুরুতে। চেন্নাই থেকে বিমানে নিয়ে যেতে গিয়ে হংকংয়ে তা ভেঙে গিয়েছে। সেটা আবার জোড়া হয়েছে জাপানে। জাপানে জবরদস্ত জায়গা করেছে ভারতীয় ভাবনা।