নিজস্ব প্রতিনিধি, তমলুক, ঝাড়গ্রাম ও মেদিনীপুর: বৃহস্পতিবার নানা অনুষ্ঠানে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। এদিন তমলুক বিডিও অফিসে জেলা প্রশাসনের তরফে মূল অনুষ্ঠানটি হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুকের বিডিও ওয়াসিম রেজা প্রমুখ সাইকেল র্যালিতে অংশ নেন। বিডিও অফিস থেকে হরিদাসপুর বাজার পর্যন্ত সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। ছ’টি স্কুলের ছাত্রছাত্রীরা শামিল হয়। জেলা পরিষদেও দিনটি পালন করা হয়। জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন সভাধিপতি উত্তম বারিক। তমলুক পুরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ অন্যান্য কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। পুরসভার পক্ষ থেকে শহরের বড়বাজারে সচেতনতা শিবির করা হয়। সেখানে ব্যবসায়ীদের প্লাস্টিক বর্জনের আবেদন জানানো হয়। বাজার পরিষ্কার রাখার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানায় পুরসভা। শহরের রামসাগর পুকুর পাড়ে বৃক্ষরোপণও করা হয়। চণ্ডীপুর ব্লকের এড়াশাল গ্রামীণ হাসপাতালে পথনাটক করা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌরভ দে অংশ নেন। বৃক্ষবন্দনা, চারাগাছ উপহার ও পদযাত্রার আয়োজন করা হয়। মেচেদা দূষণ প্রতিরোধ কমিটি বর্ণাঢ্য র্যালি করে।
কাঁথি পুরসভার তরফে থানাপুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়। ছিলেন ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন মান্না। এদিন দীঘা বিজ্ঞান কেন্দ্র ও রামনগর বিজ্ঞান কেন্দ্র ‘প্লাস্টিক দূষণের অবসান’ শীর্ষক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করে। রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়। বনদপ্তরের উদ্যোগে খেজুরির উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়। খেজুরি-১ বিডিও অফিসের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি হয়।
ঝাড়গ্রাম কালেক্টরেট ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। কালেক্টরেট অফিসের ফাঁকা জায়গায় অমলতাস, রুদ্রপলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ নানা ধরনের চারা রোপণ করা হয়। জেলাশাসক সুনীল আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিবেশ যোদ্ধা হিসেবে সাফাইকর্মীদের সম্মানিত করা হয়। গোপীবল্লভপুর-২ ব্লক প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক দীপককুমার কর, সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। প্লাস্টিক দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য বলেন, পরিবেশ রক্ষা আমাদের কর্তব্য। প্লাস্টিক দূষণ ঠেকাতে সবার এগিয়ে আসা প্রয়োজন। বৃক্ষরোপণ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল।-নিজস্ব চিত্র