Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের বাছাই পর্ব: চোটের কারণে আবারও ছিটকে গেলেন নেইমার

এখনই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটছে না নেইমারের। চোটের কারণে বিশ্বকাপের বাছাই পর্বের আসন্ন দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

বিশ্বকাপের বাছাই পর্ব: চোটের কারণে আবারও ছিটকে গেলেন নেইমার
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: আশঙ্কা সত্যি হল। এখনই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটছে না নেইমারের। চোটের কারণে বিশ্বকাপের বাছাই পর্বের আসন্ন দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। শনিবার এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন কোচ ডোরিভাল জুনিয়র। নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে জায়গা পেয়েছেন তরুণ উইঙ্গার এনড্রিক।

Advertisement

২০২৩ সালে শেষবার ব্রাজিলের হয়ে কোনও ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। এই পর্বে ক্লাব ফুটবলে দল পরিবর্তন করেন ব্রাজিলিয়ান তারকা। সৌদির আল হিলাল ছেড়ে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফেরেন তিনি। লক্ষ্য ছিল, স্বদেশীয় ক্লাবের হয়ে ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে সেরা ছন্দে মেলে ধরা। সেই মতো তাঁকে রেখেই বিশ্বকাপের বাছাই পর্বের দল ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ। তবে বিধি বাম। ফের একবার চোটই কাল হয়ে দাঁড়াল। নেইমার নিজেও বেশ হতাশ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘মনে হচ্ছিল, দেশের হয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি আছি। কিন্তু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটা এই মুহূর্তে পরতে পারব না। কোচ ও দলের বাকি স্টাফদের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই জানে, দেশের হয়ে আবারও মাঠে নামতে আমি কতটা উদগ্রীব। তবে কোনওরকম ঝুঁকি নিতে চাই না। পুরোপুরি চোটমুক্ত হয়ে ওঠাই আমার লক্ষ্য। আর সকলেই এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন।’ উল্লেখ্য, স্যান্টোসের হয়ে দ্বিতীয় ইনিংসে সাত ম্যাচ খেলেই চোট পান ব্রাজিলিয়ান তারকা। তবে তারপরও তাঁকে পার্টি করতে দেখা যায়। তা নিয়ে ফের একবার সমালোচনার মুখে পড়তে হয় নেইমারকে। এবার জাতীয় দলের হয়ে নামা হবে না। ভবিষ্যতে কি সত্যিই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি? প্রশ্ন কিন্তু থাকছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ