Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বিশ্বজয়ী রিচাও ‘বিচারাধীন’ কমিশন, বিজেপিকে নিশানা তৃণমূলের

‘বিচারাধীন’ ভোটার বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ! সৌজন্যে নির্বাচন কমিশন! প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা থেকে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এনিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতা গৌতম দেব

বিশ্বজয়ী রিচাও ‘বিচারাধীন’ কমিশন, বিজেপিকে নিশানা তৃণমূলের
  • ২ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: ‘বিচারাধীন’ ভোটার বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ! সৌজন্যে নির্বাচন কমিশন! প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা থেকে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এনিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতা গৌতম দেব। তাঁর বক্তব্য, মহিলাদের প্রতি নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে বিজেপি। এনিয়ে সিপিএমও সরব। যদিও বিজেপি নরম সুরে জানিয়েছে, বিষয়টি মিটে যাবে। এই ইস্যুতে শিলিগুড়ির বিধানসভা ভোটের ময়দান সরগরম। 

Advertisement

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা শিলিগুড়ির রিচা। মহিলা বিশ্বকাপ ক্রিকেটেও দলের হয়ে অংশ নেন। এবার এই ‘বিশ্বজয়ী’ মেয়েই নির্বাচন কমিশনের ‘বিচারাধীন’ তালিকায়! শিলিগুড়ি শহরের সুভাষপল্লির ১৯৬ নম্বর বুথে রিচার বাড়ি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া সফরে। ভোটার তালিকায় রিচার মতো তাঁর দিদি সোমাশ্রীর নামের পাশেও লেখা ‘বিচারাধীন’। তবে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ও মা স্বপা ঘোষের নাম তালিকায় ঠিকঠাক রয়েছে। রিচার বাবা বলেন, দুই মেয়ের মধ্যে রিচা ছোট। শুনানির সময় রিচা ও বড় মেয়ে দু’জনের জন্মের শংসাপত্র নির্বাচন কমিশনের কাছে দাখিল করেছিলাম। বিএলও রমিলা সুব্বা ঘোষ বলেন, এমনটা কেন হল, তা বুঝতে পারছি না। 
রবিবার সকালেই ১৯ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার মৌসুমি হাজরা এবং তৃণমূল নেতারা রিচার বাড়িতে যান। মেয়র বলেন, এর থেকেই স্পষ্ট মহিলাদের প্রতি কেন্দ্রীয় সরকার ও কমিশনের মনোভাব। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। স্থানীয় সিপিএম কাউন্সিলার বলেন, কমিশনের তুঘলকি কাণ্ড প্রমাণিত। সোমবার এসডিও অফিস ঘেরাও করা হবে। 
এদিকে, সংশ্লিষ্ট ইস্যু এড়ানোর চেষ্টা করছে বিজেপি। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, পরবর্তী তালিকায় প্রকৃত ভারতীয়দের নাম থাকবে। মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, সময় আছে। বিষয়টি মিটে যাবে বলেই আশা করছি। 
এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে,২০০২ সালের খসড়া তালিকায় রিচা ঘোষ আনম্যাপড ছিলেন, কিন্তু তাঁর আত্মীয় শুনানিতে উপস্থিত হয়ে নথিপত্র জমা দিয়েছিলেন। দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ইআরও বা এইআরও মামলাটি নিষ্পত্তি করেননি। সেই কারণে এটি বিচারবিভাগীয় সিদ্ধান্তের জন্য পাঠানো হয়। কেন মামলাটি নিষ্পত্তি করা হয়নি, তার কারণ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ