নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সময়ের সঙ্গে বদলাচ্ছে শিক্ষার ধরন। পঠনপাঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, পাঠ পরিকল্পনা তৈরি, প্রশ্নপত্র প্রস্তুত ও খাতা মূল্যায়নে এআইয়ের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও নলেজ ক্যাপসুলের যৌথ উদ্যোগে ৫ ডিসেম্বর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজ্যের শিক্ষাদপ্তর থেকে জেলা শিক্ষাদপ্তরে এআই প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। প্রশিক্ষণে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তার তালিকা পাঠানো হয়েছে। যাতে শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে আগাম ধারণা পান। প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষিকাদের পাঠ পরিকল্পনা তৈরি, প্রশ্নপত্র, কুইজ ও ওয়ার্কশিট প্রস্তুত, পড়ুয়াদের খাতা মূল্যায়নের কাজে এআইয়ের ব্যবহার শেখানো হবে। কঠিন বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া, পাঠের উপযোগী ছবি ও ভিডিয়ো কীভাবে খুঁজে বের করা যায় তা হাতেকলমে দেখানো হবে। শ্রেণিকক্ষে বিভিন্ন মেধাস্তরের পড়ুয়াদের উপযোগী শিক্ষাসামগ্রী তৈরির বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা রয়েছে। শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজেও এআইয়ের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে। স্কুলের রিপোর্ট, রেজিস্টার ও নোটিস তৈরির মতো কাজেও এই প্রযুক্তি কীভাবে সময় বাঁচাতে পারে, তা তুলে ধরা হবে। জেলার শিক্ষাদপ্তরের আধিকারিকদের মতে, কৃত্রিম মেধা শিক্ষকের কাজ আরও সহজ ও কার্যকর করে তুলতে পারে। পড়ুয়াদের জন্য দ্রুত কুইজ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা সম্ভব হবে। ছবি, ডায়াগ্রাম ও ভিডিয়োর মাধ্যমে জটিল বিষয়কে সহজে বোঝানো যাবে। বিজ্ঞান ও গণিতের মতো পরীক্ষামুলক বিষয়গুলো সহজেই ব্যাখা করা যাবে। শ্রেণিকক্ষে পড়ুয়াদের মনোযোগ ও আগ্রহ ধরে রাখার এই প্রযুক্তি নতুন নতুন ধারণা দিতে পারবে। জেলার শিক্ষক-শিক্ষিকারা এই উদ্যোগে খুশি। গোপীবল্লভপুর-২ ব্লকের শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তপনকুমার দে বলেন, সময়োপযোগী উদ্যোগ।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে শ্রেণিকক্ষে কাজে লাগানো যায়, সে সম্পর্কে শিক্ষক-শিক্ষিকাদের সম্যক জ্ঞান থাকা দরকার। প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি এবং অত্যাধুনিক কম্পিউটার দেওয়ার জন্যও সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজকুমার মাইতি বলেন, পঠনপাঠনের ক্ষেত্রে এআইয়ের ব্যবহারকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই। প্রথমবার শিক্ষকদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে পাঠদান থেকে শুরু করে স্কুলের প্রশাসনিক কাজকর্মে এআইয়ের ব্যবহার সম্পর্কে শিক্ষকদের জানা দরকার। আগামী দিনে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে করার পরিকল্পনা রয়েছে শিক্ষাদপ্তরের।



