সংবাদদাতা, বনগাঁ: জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে নতুন ও পুরনো নেতাদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার বার্তা দিলেন বিজেপি জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। শুক্রবার তাঁকে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নিযুক্ত করা হয়েছে। এতদিন এই পদে ছিলেন বিকাশ ঘোষ। দায়িত্ব পেয়ে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে পুজো দিতে যান নব নির্বাচিত সভাপতি। জানান, দলের পক্ষ থেকে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা গুরুত্ব সহকারে পালন করবেন। শুক্রবার রাজ্যে একাধিক সাংগঠনিক জেলায় সাংগঠনিক স্তরে রদবদল করেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলাতেও হয়েছে রদবদল। জেলা সভাপতি বিকাশ ঘোষকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দলের দীর্ঘদিনের নেতা নৃপেন বিশ্বাসকে। হরিণঘাটা বিধানসভার বাসিন্দা নৃপেন দলের একাধিক দায়িত্ব পালন করেছেন। সভাপতি হওয়ার পর তাঁর অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। নৃপেন বলেন, ‘আগামী দিনে সংগঠনকে সাজিয়ে তোলাই আমার একমাত্র কাজ হবে।



