Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিলিকোসিসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, অবরোধ-বিক্ষোভ সালানপুরে

সিলিকোসিসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, অবরোধ-বিক্ষোভ সালানপুরে
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সিলিকোসিস আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মণিলাল হেমব্রম (২৭) বাড়ি সালানপুর থানার রামডি এলাকায়। এনিয়ে সিলিকোসিস আক্রান্ত হয়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই রোগী গুরুতর অসুস্থ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। অভিযোগ ওঠে সিলিকোসিস আক্রান্ত রোগী হলেও চিকিৎসায় বাড়তি গুরুত্ব দেয়নি চিকিৎসকরা। 

Advertisement

ঘটনার পর সালানপুর থানার দেন্দুয়া মোড়ে চিত্তরঞ্জন আসানসোল রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ‘স্টপ সিলিকোসিস’ ব্যানার নিয়ে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতারা। গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায়। পরে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ উঠে যায়। অন্যদিকে স্বাস্থ্যদপ্তরের সূত্র থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জেলায় সিলিকোসিসের আক্রান্তের সংখ্যা বাড়তেই বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির করা শুরু করে স্বাস্থ্যদপ্তর। কিন্তু যে পরিমাণ শ্রমিকদের সেখানে হাজির হওয়ার কথা, তা হচ্ছে না। দপ্তর সূত্রে খবর, মালিক পক্ষের একাংশ নিজেদের কুকর্ম ঢাকতে শ্রমিকদের স্বাস্থ্য শিবিরে যেতে বাধা দিচ্ছে। 
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, স্বাস্থ্যদপ্তরের ঘোষিত দুই সিলিকোসিস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আরও দু’জন সিলিকোসিস আক্রান্ত হয়েই মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে। যদিও মৃত্যুর আগে শ্রমিকের সিলিকোসিস হয়েছে কি না, তা নিশ্চিত হয়নি। ক্ষতিপূরণের জন্য শ্রমদপ্তরে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। যাতে দ্রুত শ্রমিকদের সিলিকোসিস হয়েছে কি না জানা যায়, তার জন্য স্বাস্থ্য শিবির করা হয়েছে। শিবিরগুলিতে শ্রমিক হাজিরা অত্যন্ত কম। তাঁদের বাধা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
সালানপুর থানা এলাকার দেন্দুয়ার অদূরে রয়েছে একাধিক সিরামিক্স কারখানা। কারখানাগুলির দূষণ মাত্রাতিরিক্ত বলে স্থানীয়দের অভিযোগ। সেখানের একাধিক শ্রমিক এই মারণ রোগে আক্রান্ত। মৃত্যুর ঘটনাও ঘটছে। সেখানেই কাজ করতেন মণিলাল। তিনি গুরুতর অসুস্থ হয়ে যান। দরিদ্র পরিবার পেটের টানে সেই কারখানাতেই এখন কাজ করছেন তাঁর স্ত্রী সবিতা দেবী। এদিন হাসপাতালের সামনে নিজের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। খিদেয় কাঁদছে কোলের শিশু। স্থানীয় বাসিন্দা অমরনাথ মাহাত বলেন, স্বামী, স্ত্রী ছাড়া পরিবার কেউ নেই। মেল ওয়ার্ডে স্ত্রীকে থাকতে দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি মণিলাল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে পড়ে যান। কেন সিলিকোসিস আক্রান্ত রোগীর প্রতি বাড়তি যত্ন নেওয়া হল না?
ঘটনার পরই হাসপাতালে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তারপর দেন্দুয়া মোড়ে মৃতদেহ নামিয়ে রেখে বিক্ষোভ শুরু হয়। বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, একের পর এক শ্রমিক সিলিকোসিসে মৃত্যু হলেও প্রশাসন নির্বিকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ