সংবাদদাতা, কাকদ্বীপ: ওড়িশায় মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শুভজিৎ বারুই (২১)। বাড়ি পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সীতারামপুর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিতের মায়ের ব্রেন টিউমারের চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছিল। সেই ঋণ পরিশোধ করার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি ওড়িশায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কাজ সেরে শুভজিৎ বাড়ি ফিরছিলেন। তখন বাজ পড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।



